নড়াইলের পল্লীতে পূর্ব শত্রুতার জেরে কৃষককে কুপিয়ে হত্যা

0

নড়াইল অফিস ॥ নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নে সাফিয়ার রহমান ওরফে সাফি মোল্লা (৩০) নামে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত সাফিয়ার কামালপ্রতাপ গ্রামের বজলেয়ার রহমান ওরফে বজলু মোল্লার ছেলে। শুক্রবার রাত ৮টার দিকে ওই গ্রামের একটি চায়ের দোকানের সামনে এ হত্যাকান্ড ঘটে। পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়,এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটে। সদর উপজেলার কামালপ্রতাপ ও পার্শ্ববর্তী লোহাগড়া উপজেলার আমাদা গ্রামের বিবদমান দুটি গ্রুপের লোকজনের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। গ্রাম্য দলাদলির জেরে সাফিয়ার রহমান ওরফে সাফি মোল্লাকে প্রতিপক্ষ গ্রুপের লোকজন চায়ের দোকানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন জানান,ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে বলে তিনি জানান।