নোভা মেডিকেলে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ সেবিকার ভুলে যশোরের নোভা মেডিকেল সেন্টার হসপিটালে ৪১ দিন বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। ইরহাম হোসেন নামের শিশুটি যশোর শহরের মুড়লি জোড়া মন্দির এলাকার বিপ্লব হোসেন ও জান্নাতুল ফৌরদাউস নাসরিন দম্পতির প্রথম সন্তান।
অভিযোগে জানা যায়, চিকিৎসকের দেয়া ব্যবস্থাপত্রে একটি ইনজেকশন শিশুটির শরীরে ৩০ মিনিট ধরে পুশ করার কথা বলা হলেও সেবিকা লাকি খাতুন মাত্র আড়াই মিনিটে সেটি পুশ করেন। এ কারণে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। বুধবার বেলা ২ টার দিকে ইরহাম হোসেনের মৃত্যু হয়।
শিশুটির পিতা জানিয়েছেন, তার ছেলে জন্ম নেয়ার কিছুদিন পর নোভা মেডিকেল সেন্টার হাসপিটালে তার পায়ুপথে প্রথমে অস্ত্রোপচার করা হয়। এরপর তার শরীরে জন্ডিস ধরা পড়ে। সেখান থেকে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা করানো হয়। এরপর নোভা মেডিকেল সেন্টার হাসপিটালে পুনরায় শিশুটির শরীরে একই স্থানে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের দুই থেকে তিন দিনের মাথায় তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর তার শরীরের অবস্থা খারাপ হলে তাকে আবারও নোভা মেডিকেল সেন্টারে এনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক ব্যবস্থাপত্রে শিশুটির শরীরে একটি ইনজেকশন পুশ করার কথা উল্লেখ করেন। যেটি ৩০ মিনিট ধরে পুশ করার কথা উল্লেখ ছিল ব্যবস্থাপত্রে। কিন্তু সেবিকা লাকি খাতুন  বুধবার সকাল ১১টার দিকে শিশুটির শরীরে ৩০ মিনিটের পরিবর্তে মাত্র আড়াই মিনিটে ওই ইনজেকশন পুশ করেন। এরপর শিশুটির শরীর নীলবর্ণ ধারণ করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি বেগতিক বুঝতে পেরে তাকে খুলনায় নিয়ে যাওয়ার কথা বলেন। কিন্তু তার আগেই দুপুর ২টার দিকে শিশুটির মুত্যু হয়।
হসপিটালটির ম্যানেজার রেজা উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা শোনা মাত্রই আমি মালিককে বিষয়টি অবহিত করি। উনি ঘটনাটি শুনে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলেছেন। বৃহস্পতিবার থেকে তাকে অব্যাহতি দিতে বলেছেন।