নেশার টাকা না পেয়ে শিক্ষককে মারপিট

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহ শহরে পুরাতন ধোপাঘাটা এলাকায় নেশার টাকা না পেয়ে এক স্কুল শিক্ষককে মারধর করেছে দুই মাদকসেবী। এ নিয়ে ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক সাদ্দাম হোসেন।
অভিযোগ থেকে জানা যায়, ধোপাঘাটা পুরাতন ব্রিজ এলাকায় অবস্থিত ইউকে ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক সাদ্দাম হোসেনের কাছে প্রায়ই মাদকসেবী কাঞ্চননগর এলাকার মৃত মোহাম্মদ মোল্লার ছেলে আব্দুল মজিদ ও নাদের মালিথার ছেলে রাজু হোসেন নেশা টাকার দাবি করতো। সম্মানের ভয়ে মাঝে মধ্যে তিনি কিছু টাকা দিয়ে রেহাই পেতেন। এবার তার কাছে মোটা অংকের টাকা দাবি করে বসে মাদকসেবী মজিদ ও রাজু। টাকা দিতে অস্বীকার করলে মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের সামনে তাকে বেধড়ক মারপিট করা হয়। আহত অবস্থায় শিক্ষক সাদ্দামকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মঙ্গলবার রাতে সদর থানায় একটি মামলা করা হয়ছে। থানায় মামলার করার পরও মজিদ ও রাজু তাকে হুমকি দিচ্ছেন বলে শিক্ষক সাদ্দাম হোসেন জানান। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।