নিহত রানা প্রতাপের সাংবাদিক পরিচয় নিয়ে বিভ্রান্তি

0
নিহত রানা প্রতাপ। ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মণিরামপুর উপজেলার কপালিয়া বাজারে চরমপন্থী নেতা রানা প্রতাপ বৈরাগী হত্যাকাণ্ডের ঘটনাটি ভিন্ন দিকে মোড় দিতে ভারতীয় মিডিয়ায় বিভ্রান্তির সংবাদ প্রকাশ করা হয়েছে। একটি স্থানীয় সহিংস ঘটনা মুহূর্তেই বড় ইস্যু হিসেবে প্রকাশ করা হয়েছে।

সোমবার রাতে কপালিয়া বাজার এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন রানা প্রতাপ। ঘটনার পরপরই বাংলাদেশের কয়েকটি অনলাইন গণমাধ্যমে তাকে নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক পরিচয় দিয়ে সংবাদ প্রকাশ করা হয়। ওই পরিচয়ের সূত্র ধরেই ভারতের আনন্দবাজার পত্রিকাসহ বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যমে ‘বাংলাদেশে সম্পাদক হত্যা’ শিরোনামে ফলাও প্রতিবেদন প্রকাশিত হয়। অনেক গণমাধ্যম এ ঘটনাকে কেন্দ্র করে ভিডিও কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়, যা দ্রুত ব্যাপক প্রচার পায়।

তবে প্রকাশিত ওই পরিচয় নিয়ে দ্রুতই প্রশ্ন উঠতে শুরু করে। নড়াইলের সাংবাদিক সমাজ জানায়, নিহত রানা প্রতাপ নামে কেউ তাদের পরিচিত নন। এ বিষয়ে নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি সুলতান মাহমুদ বলেন, ‘বিডি খবর নামে একটি পত্রিকা অনিয়মিতভাবে প্রকাশ হয়। শুনেছি ওই পত্রিকার নাকি তিনি ভারপ্রাপ্ত সম্পাদক। তবে আমরা কেউ তাকে চিনি না।’ তার এই বক্তব্য প্রকাশিত সংবাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে আরও সন্দেহের জন্ম দিয়েছে।

নড়াইলের একাধিক গণমাধ্যমকর্মী জানান, রানা প্রতাপকে কখনো পেশাগত কাজে দেখেননি।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, নিহত রানা প্রতাপ বৈরাগী ব্যবসায়ের পাশাপাশি একটি চরমপন্থি দলের সক্রিয় সদস্য ছিলেন। প্রাথমিক তদন্তে কোনো মহলের সাথে তার বিরোধের জের ধরেই হত্যাকান্ড সংঘটিত হয়ে থাকতে পারে। মূল রহস্য উদ্ঘাটনে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

পুলিশ সূত্র জানায়, রানা প্রতাপ নওয়াপাড়া পৌরসভার কাউন্সিলর মোল্যা ওলিয়ার রহমান হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। সাংবাদিক হিসেবে তার কোনো স্বীকৃত নিবন্ধন বা পেশাগত পরিচয়ের তথ্য পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।