নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে যশোরে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল 

0

স্টাফ রিপোর্টার ॥ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে করে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বলেছেন, সময় থাকতে জনগণের মনের ভাষা বুঝে দ্রুত নির্বাচন দিন। অন্যথায় জনগণের ধৈর্য্যরে বাঁধ ভেঙে গেলে তার পরিনাম ভালো হবে না। জনবিপ্লব কতটা ভয়বহ হয় সেটা ফ্যাসিস্ট শেখ হাসিনা টের পেয়েছে। এ থেকে শিক্ষা গ্রহণ করে, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন।

নাশকতার পরিকল্পনাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের অবিলম্বে গ্রেফতার এবং দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বুধবার রাতে মশাল মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ এ কথা বলেন।

জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ আরও বলেন, বিগত ১৭ বছর তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের আন্দোলন করেছি। সেই আন্দোলন করতে গিয়ে আমাদের অজস্র সহযোদ্ধা জীবন দিয়েছে। জনগণের অধিকার আদায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা এখনো জীবন দিতে প্রস্তুত আছি। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু এখনো জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়নি। আমরা জীবন দিয়ে হলেও জনগণের সকল গণতান্ত্রিক অধিকার আদায় করে ছাড়বো ইনশাল্লাহ।

এ সময় নেতৃবৃন্দ যশোরের পুলিশ সুপারের উদ্দেশ্যে বলেন, এখনো আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা যশোর শহরে কিভাবে আপনাদের নাকের ডগায় ঘুরে বেড়ায়? আমরা আইন নিজের হাতে তুলে নেবো না। অবিলম্বে তাদেরকে আটক করুন। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী হায়দার রানা প্রমুখ।

এর আগে আর এন রোড থেকে মশাল মিছিল শুরু হয়ে, চৌরাস্তা, চিত্রা মোড়, এম এম আলী রোড ঘুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে শেষ হয়।