নিখোঁজের ৪১ বছর পর পাকিস্তান থেকে দেশে ফিরলেন একলিমা

0

সেলিম হায়দার,তালা (সাতক্ষীরা)॥ দীর্ঘ ৪১ বছর পরে নিখোঁজ একলিমা বেগম (৬৫) ফিরলেন নিজের পরিবারের কাছে। তিনি ৪১ বছর ধরে পাকিস্তানের শিয়ালকোটের দিলওয়ালীতে একটি পরিবারের সাথে বসবাস করতেন। সেখানে গিয়ে দ্বিতীয় বিয়েও করেন তিনি।  বৃহস্পতিবার বাংলাদেশে ফেরেন তিনি। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান একলিমা। পরে দুপুরের দিকে সাতক্ষীরার তালা উপজেলার গঙ্গারামপুর নিজ গ্রামে আসেন। সেখান থেকে তার সঙ্গে এসেছেন দ্বিতীয় পক্ষের বড় ছেলে আশরাফ হোসেন। জানা যায়, একলিমা বেগম সাতক্ষীরার তালা উপজেলার গঙ্গারামপুর গ্রামের মৃত ইসমাইল শেখের মেয়ে ও তিন সন্তানের জননী। দেশে থাকাকালীন স্বামীর মৃত্যুর পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। ১৯৮১ সালে হারিয়ে যান একলিমা বেগম। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি তার। অবশেষে চার মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার সন্ধান মেলে। একলিমার ভাইপো জাকির শেখ বলেন, কিছুদিন আগে ফেসবুকের মাধ্যমে একলিমা ফুপুর খোঁজ পাই। ফুপুর সঙ্গে কথা বলে জানতে পারি তিনি পাকিস্তানের একটি শেল্টারহোমে ছিলেন। সেখানে মুহাম্মদ সিদ্দিক নামে একজনের সঙ্গে তার পরিচয় হয় এবং পরে তারা বিয়ে করেন। মুহাম্মদ সিদ্দিক কয়েক বছর আগে মারা গিয়েছেন। সেখানে তাদের পরিবারে দুটি ছেলে এবং দুটি মেয়ে রয়েছে। তিনি প্রথম থেকেই বাড়ি আসার আগ্রহ প্রকাশ করলে আমরা তাদের কাছে ইনভাইটেশন লেটার পাঠাই। পরে পাকিস্তানে থাকা তার ছেলেদের সহযোগিতায় ভিসার কাজ সম্পন্ন হয়। এরপর তিনি বৃহস্পতিবার বাড়ি ফিরে আসেন। ফুফুকে কাছে পেয়ে আমরা খুবই আনন্দিত। খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু জানান, ফেসবুকের মাধ্যমে নিখোঁজ একলিমার সন্ধান মেলে পাকিস্তানে। এরপর তার ভাই এবং ভাইপোরা যোগাযোগ করেন তাকে দেশে আনার জন্যে। বৃহস্পতিবার বিকেলে তিনি তার নিজ বাড়ি ইউনিয়নের গংগারামপুরে এসেছেন। এতদিন পর তাকে কাছে পেয়ে আনন্দিত তার স্বজনরা। তাকে দেখতে ভিড় করছে এলাকার বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ।