নিখোঁজের দুই দিন পর ভৈরব নদ থেকে যুবকের লাশ উদ্ধার যশোরে

0

স্টাফ রিপোর্টার ॥ নিখোঁজের দুই দিন পর  রোববার সকালে যশোর শহরে শুকুর আলী (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শহরের হাজী মুহাম্মদ মহসিন রোডের কালিবাড়ির পেছনের ভৈরব নদ থেকে লাশটি উদ্ধার করা হয়। গত শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় বাসা থেকে বের হওয়ার পর থেকে ওই যুবক নিখোঁজ ছিলেন।
সদর পুলিশ ফাঁড়ির এএসআই আবুল খায়ের গাজী জানান, সকাল ১১টার দিকে কালিবাড়ির পেছনে ভৈরব নদে অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ সেখানে গিয়ে যুবকের লাশটি উদ্ধার করে। পরে জানা যায়, মৃত যুবকটি পূর্ব বারান্দী মোল্লাপাড়ার সিদ্দিক হোসেনের ছেলে শুকুর আলী। তার বিরুদ্ধে মাদকসহ কয়েকটি মামলা রয়েছে। সম্প্রতি একটি মামলার ওয়ারেন্টে শুকুর আলীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। সপ্তাহ খানেক আগে জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
শুকুর আলীর বোন রিনা খাতুন জানান, তার ভাই শুকুর আলী হাজী মুহাম্মদ মহসিন রোডে ফেরি করে দাঁতের ব্রাশ বিক্রি করে করতেন। ৮ মাস আগে স্ত্রীকে নিয়ে তিনি বেজপাড়া গুলগুল্লার মোড়ের একটি ভাড়া বাড়িতে গিয়েছেন। গত শুক্রবার রাত থেকে তার ভাই শুকুর আলী নিখোঁজ ছিলেন। আজ (রোববার) দুপুরে খবর পান, কালিবাড়ির পেছনে তার ভাইয়ের লাশ পাওয়া গেছে। পরে কালিবাড়ির পেছনে গিয়ে লাশটি তার ভাইয়ের বলে শনাক্ত করেন।
শুকুর আলীর স্ত্রী পান্না খাতুন জানান, গত শুক্রবার রাতে তার স্বামী তাকে সাথে করে শহরে আসেন। তখন তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। ওষুধ কিনে বাসায় ফেরার পথে রানা নামে এক যুবক পান্না খাতুনকে নিয়ে বাজে মন্তব্য করেন। এ সময় রানার সাথে শুকুর আলীর বাকবিতন্ডা হয়।
পরে তার স্বামী তাকে নিয়ে বাসায় চলে যান। এরপর গভীর রাতে ফের তার স্বামী বাসা থেকে বের হয়ে যান। সেই থেকে তার স্বামী নিখোঁজ ছিলেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, তার স্বামীর বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।
কোতয়ালি থানা পুলিশের ওসি মো. তাজুল ইসলাম জানান, শুক্রবার রাত ৩টার দিকে শুকুর আলী মদ্যপ অবস্থায় এইচএমএম রোডস্থ আবাসিক হোটেল সোনালীর দোতলায় গিয়ে ঘুমন্ত নৈশ প্রহরীর মশারির ভেতর ঢুকে পড়েছিলেন। এ সময় ভয় পেয়ে লোকজন চোর চোর বলে চিৎকার দিলে শুকুর আলী পাশের একটি টিনশেডের ওপর লাফ দিয়ে পালিয়ে যান। হোটেলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে বিষয়টি তারা জানতে পেরেছেন। তিনি আরও জানান, হয়তো কিছুদূরে গিয়ে মদ্যপ অবস্থায় ভৈরব নদ পার হতে গিয়ে ডুবে মারা গেছেন শুকুর আলী। তার শরীরে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি।