নরপিশাচ সৎপিতা : হত্যার আগে দু’ দফা ধর্ষন করে কিশোরীকে

0

স্টাফ রিপোর্টার ॥ নরপিশাচ সৎপিতা মিন্টু সরদার (৪০) কিশোরী আঁখি মনিকে দুই দফা ধর্ষণ এবং চলন্ত ট্রেনের ভেতর শ্বাসরোধে হত্যার পর তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন। আটকের পর মিন্টু স্বীকারোক্তিতে বাড়ির পাশে পুঁতে রাখা ২ হাজার টাকা ও নিহতের পায়ের নুপুর উদ্ধার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন। পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
ব্রিফিংয়ে বলা হয়, গত ১৬ সেপ্টেম্বর আঁখি মনি বাড়ির বাইরে ছিলো। এ সময় তাকে খুঁজে আনার কথা বলে বলে বাড়ি থেকে বের হন সৎপিতা মিন্টু সরদার। পথে তাদের দেখা হলে আঁখি মনিকে প্রলোভন দেখিয়ে চৌগাছার বলুহ দেওয়ানের মেলায় নিয়ে যান মিন্টু সরদার। সেখানে ঘোরাঘুৃরি শেষে পরদিন রোববার তাকে যশোরে নিয়ে আসেন। দুপুর একটার দিকে যশোর রেলস্টেশনের বৈকালী আবাসিক হোটেলে ‘পিতা-কন্যা’ পরিচয়ে রুম নেন মিন্টু সরদার। ওই হোটেলের ভেতর আঁখি মনিকে ধর্ষণ করেন সৎপিতা। পরে সন্ধ্যায় রেলস্টেশনের পশ্চিমের এক পাশের ঝোপের ভেতর নিয়ে আঁখি মনিকে ফের ধর্ষণ করেন মিন্টু সরদার। এরপর রাত সোয়া ১১টার দিকে কোটচাঁদপুর যাওয়ার জন্য সৈয়দপুরগামী সীমান্ত এক্সপ্রেসে আঁখি মনিকে নিয়ে ওঠেন তিনি। কিন্তু বাড়ি গিয়ে সবকিছু ফাঁস করে দিতে পারে এই ভয়ে ট্রেনের ভেতর আঁখি মনিকে শ্বাসরোধে হত্যা করেন মিন্টু সরদার। পরে ট্রেনটি যশোরের সাতমাইল ও মথুরাপুরের মাঝামাঝি স্থানে পৌঁছালে তাকে ধাক্কা মেরে ফেলে দেন সৎপিতা।
ওই হত্যাকান্ডকে পৈশাচিক উল্লেখ করে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, ডিবি পুলিশ স্থানীয় জনতার সহায়তায় অভিযুক্ত মিন্টু সরদারকে আটক এবং পর স্বীকারোক্তিকে বাড়ির পাশে আবর্জনার ভেতর পুঁতে রাখা আঁখি মনির দুই হাজার টাকা ও পায়ের নুপুর উদ্ধার করা হয়। তিনি জানান, হত্যার ঘটনায় নিহতের মা নুরজাহান বেগম খুলনা রেলওয়ে থানায় মামলা করেছেন।
ডিবি পুলিশের এসআই মো. মফিজুল ইসলাম জানান, মামলার তদন্ত কর্মকর্তা যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান আটক মিন্টু সরদারকে মঙ্গলবার আদালতে সোপর্দ করেন। এ সময় আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ তার জবানবন্দি গ্রহণ করেন।
পুলিশ জানায়, আটক মিন্টু সরদার ঝিনাইদহের মহেশপুর উপজেলার দাড়িয়াপুর স্কুলপাড়ার সলেমান সরদারের ছেলে। এ পর্যন্ত তিনি তিনটি বিয়ে করেছেন। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় আরেক নারীকে বিয়ে করেন মিন্টু সরদার। এরপর দ্বিতীয় স্ত্রী তাকে তালাক দিলে তিনি নুরজাহান বেগমকে বিয়ে করেন। সূত্র জানায়, আঁখি মনি সাতক্ষীরা সদর উপজেলার মাছিমপুর গ্রামের তৌহিদুল ইসলামের মেয়ে। তৌহিদুল ইসলাম স্ত্রী নুরজাহান বেগমকে তালাক দিলে সাড়ে ৪ বছর আগে এই নারী মিন্টু সরদারকে বিয়ে করেন।
স্থানীয়রা আরও জানায়, মিন্টুর জন্মস্থান সাতক্ষীরায়। বেশ কয়েক বছর আগে তারা দাড়িয়াপুর গ্রামে তিন শতক জমি কিনে বসবাস শুরু করে। সে কখনও রাজমিস্ত্রি, কখন দিনমজুরের অন্যান্য কাজ করতো।