নতুন মোটরসাইকেলে আর শ্বশুর বাড়ি যাওয়া হলো না দুর্ঘটনায় প্রাণ হারালেন মহিউদ্দিন

0

স্টাফ রিপোর্টার ॥ নতুন মোটরসাইকেলে আর শ্বশুরবাড়ি যাওয়া হলো না মহিউদ্দিন চৌধুরীর (৪৫)। পথের মাঝে এ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ দিতে হলো তাকে। গতকাল পুলেরহাট-রাজগঞ্জ সড়কের হানুয়ার বটতলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন চৌধুরী ঝিকরগাছা উপজেলার পুরন্দপুর গ্রামের আবুল কালাম চৌধুরীর পুত্র। আর নড়াইলের নিরেলী গ্রামের শাহিন হোসেনের পুত্র ফরিদ উদ্দিন। তিনি সেনা সদস্য। টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে চাকরিরত। পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, তারা আপন ভায়রা। গতকাল সকাল ১০টার দিকে নতুন মোটরসাইকেলযোগে দু’ভায়রা মনিরামপুর উপজেলার কাশিমপুরে শ্বশুর আশরাফ আলীর বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। পুলেরহাট-রাজগঞ্জ সড়কের হানুয়ার বটতলার কাছে একজন লোক পড়ে। ওই লোকটিকে বাঁচাতে গিয়ে চালক মহিউদ্দিন চৌধুরী ব্রেক চেপে ধরেন। তখন মোটরসাইকেলটি উল্টে গিয়ে রাস্তার পাশে একটি বাবলা গাছে ধাক্কা খায়। এ সময় দু’ভায়রা মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। তারা পাশের জলাশয়ের ভেতর পড়ে যান। তখন স্থানীয় লোকজন পানির ভেতর থেকে উদ্ধার করার পর দুপুর সাড়ে ১২টায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। কিছুক্ষণ পর মহিউদ্দিন চৌধুরী মৃত্যুবরণ করেন। পরে হাসপাতাল থেকে আহত সেনা সদস্য ফরিদ উদ্দিনকে সিএমএইচ-এ নিয়ে যাওয়া হয়। তার অবস্থা গুরুতর। মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী রুমা চৌধুরী এক শিশুপুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর পর হাসপাতালে আত্মীয়সহ শত শত লোক ভিড় করেন। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনসহ নেতৃবৃন্দ নিহত মহিউদ্দিন চৌধুরীকে দেখতে যান। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। নিহত মহিউদ্দিন চৌধুরী দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিতের আত্মীয়।