নওয়াপাড়ায় ট্রাকের ধাক্কায় ঘাটশ্রমিকের মৃত্যু

0

 

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোর-খুলনা মহাসড়কের শিল্প শহর নওয়াপাড়ায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক ঘাটশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে নওয়াপাড়ার অদূরে যশোর-খুলনা মহাসড়কের মাইলপোস্ট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজিব সরদার (৪০) খুলনার ফুলতলা উপজেলার চন্দনগাতি গ্রামের মমিন সরদারের ছেলে। তিনি নওয়াপাড়ার নাহার ঘাটে দৈনন্দিন মজুরিতে শ্রমিকের কাজ করতো। নিহত রাজিব সরদারের ৬ বছর ও ১ মাস বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী ও ঘাট শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘাটে লেবারি কাজ শেষ করে ভাগের টাকা নিয়ে বাইসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন রাজিব। পথিমধ্যে নওয়াপাড়ার রাজঘাট মাইলপোস্টে পৌঁছালে খুলনাগামী একটি ট্রাক পেছন থেকে রাজিব দাসের বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে রাজিব দাস ছিটকে মহাসড়কের উপর পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, ঘটনাস্থলে সাথে সাথেই পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালেও পুলিশের একটি টিম পৌঁছেছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।