ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী

0
ঝিনাইদহের শৈলকুপায় মঠবাড়ি মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও অকুতোভয়ে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছে। ধর্ম পালন কিংবা ধর্মীয় আচার-অনুষ্ঠানে কোনো ধরনের বাধা-বিপত্তি বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না। কেউ এ ধরনের কাজে যুক্ত হলে তথ্য পাওয়া মাত্রই তাকে আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মঠবাড়ি মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, প্রায় পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। অশুভ শক্তি ও সব ধরনের অপশক্তির বিনাশের উদ্দেশ্যেই তার জন্ম হয়েছিল। আমরাও যখন অশুভ শক্তি ও দেশের সব অপশক্তির বিরুদ্ধে কাজ করব, কথা বলব, তখন তিনি বিশ্বাস করেন সনাতন ধর্মাবলম্বীরা তাদের পাশে থাকবেন।

তিনি বলেন, শ্রীকৃষ্ণের জন্মতিথিতে সনাতন ধর্মাবলম্বীদের আনন্দ-উৎসব, ভক্তি-শ্রদ্ধা, আবেদন-নিবেদন এবং ধর্মের প্রতি আস্থা ও বিশ্বাসের সঙ্গে সংহতি প্রকাশ করতেই তিনি এখানে এসেছেন।

আইনমন্ত্রী বলেন, আপনারা আপনাদের উৎসব পালন করবেন, সরকার আপনাদের পাশে আছে। ধর্ম পালনের জন্য সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ব্যাপারে সরকারের দৃঢ় অবস্থান রয়েছে বলেও তিনি উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন।

এর আগে ‘বাংলাদেশ বন্যার্তদের খাদ্য সহায়তা প্রকল্প’-এর আওতায় শৈলকুপায় এক হাজার পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় এবং এইড ফাউন্ডেশনের সহযোগিতায় নিম্ন আয়ের মানুষের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

ত্রাণ প্যাকেজে ১০ ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর পাশাপাশি জামাকাপড় দেওয়া হয়।
পরে আইনমন্ত্রী জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অংশ নেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমে মজিদ, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমানসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।