দ্রুত বিচারের দাবিতে শহীদ সাংবাদিক মুকুলের ২৫তম হত্যাবার্ষিকী পালিত

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে দৈনিক রানার সম্পাদক শহীদ সাংবাদিক আরএম সাইফুল আলম মুকুলের ২৫তম হত্যাবার্ষিকী পালিত হয়েছে। দীর্ঘ পঁচিশ বছর ধরে এ হত্যা মামলার বিচার না হওয়ায় যশোরের সাংবাদিক নেতারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করে অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। বুধবার প্রেস ক্লাব যশোর ও সাংবাদিক ইউনিয়ন যশোর আয়োজিত পৃথক আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দ এ দাবি জানান।
এর আগে সকালে সাংবাদিকরা কালোব্যাজ ধারণ করে বেজপাড়া চার খাম্বারমোড়ে মরহুমের স্মৃতিস্তম্ভে উপস্থিত হন। সেখানে প্রেস ক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শহীদ সাংবাদিক মুকুলের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর প্রেস ক্লাব যশোরে অনুষ্ঠিত আলোচনা সভা থেকে এ হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, আইনি জটিলতার কারণে সাংবাদিক মুকুল খুনের বিচার হচ্ছে না। ২৫ বছর যাবৎ মামলার কার্যক্রম বন্ধ রয়েছে। অবিলম্বে সকল জটিলতা কাটিয়ে দ্রুত বিচারের মাধ্যমে মুকুলের খুনিদের ফাঁসির মঞ্চে দাঁড় করানোর দাবি জানান সাংবাদিকরা।
সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। এসময় সেখানে যশোর জেলা সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টুসহ যশোরের সাংবাদিকদের সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিক ইউনিয়ন যশোর অনুরূপ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে। সংগঠনের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রয়াত আর এম সাইফুল আলম মুকুলের ভাই আর এম কবিরুল আলম দিপু, প্রেস ক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব নূর ইসলাম, লেখক গবেষক বেনজিন খান, প্রেস ক্লাব যশোরের সাবেক সম্পাদক আহসান কবীর, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচআর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, সাইফুর রহমান সাইফ, সিনিয়র সদস্য সরোয়ার হোসেন ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমআর খান মিলন। আলোচনা সভায় সাংবাদিক মুকুল হত্যার সাথে জড়িতদের দীর্ঘ ২৫ বছরে বিচার না করায় ক্ষোভ প্রকাশ করা হয়।
আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের সিনিয়র সদস্য এসএম সোহেল।
১৯৯৮ সালের ৩০ আগস্ট দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন যশোরের দৈনিক রানারের তৎকালীন সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল।