দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিদ্যুৎ বিল বৃদ্ধির কারণে চৌগাছা থেকে বিলুপ্ত হয়েছে মেস

0

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের মূল্যবৃদ্ধি আর ঘরভাড়া বৃদ্ধির কারণে চৌগাছায় বিলুপ্ত হয়েছে চাকরিজীবী ও শিক্ষার্থীদের থাকার মেস বা ছাত্রাবাস। সময়ের প্রয়োজনে আশি-নব্বই দশকে চৌগাছা উপজেলা সদরে গড়ে ওঠে একাধিক মেস। এ মেসে থেকে শিক্ষার্থীরা স্বল্প খরচে পড়ালেখা করে সমাজে আজ প্রতিষ্ঠিত, আর ব্যাচেলার চাকরিজীবীদের জন্য মেস ছিল একটি নিরাপদ ঠিকানা।
সংশ্লিষ্ঠ একাধিক সূত্র থেকে জানা গেছে, চৌগাছা পাইলট হাইস্কুল, সরকারি কলেজ ও কামিল মাদ্রসায় অধ্যয়নরত শিক্ষার্থীর একটি বড় অংশ উপজেলা সদরে মেসে থেকে পড়ালেখা করতেন। নানা প্রতিকূলতার মধ্যেও এ সব ছাত্রবাস থেকে ছেলেরা পড়ালেখা করে সমাজে আজ প্রতিষ্ঠিত। কিন্তু সময়ের সাথে পাল্টে গেছে অনেক কিছুই। তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের স্থলে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। এ সব প্রতিষ্ঠানে শ শ শিক্ষার্থী অধ্যয়নরত, কিন্তু দূরের শিক্ষার্থীদের জন্য গড়ে ওঠা সেই মেস এখন আর নেই। শিক্ষার্থীরা নিজ বাড়ি থেকে অথবা কোনও আত্মীয় বাড়িতে থেকে এখন পড়ালেখায় অভ্যস্ত হয়ে উঠেছে।
সূত্র জানায়, আশির দশকে চৌগাছা উপজেলা সদরে একাধিক ছাত্রাবাস গড়ে ওঠে। এরমধ্যে পাইলট হাইস্কুল অঙ্গনে মোবারক আলী ছাত্রাবাস, ডাকবাংলোপাড়ায় ফিরোজ লিজা ভিলা ছাত্রাবাস, ইছাপুর বটতলার খান ছাত্রাবাস, কালিতলার রেজেমান নেছা ছাত্রাবাস, রেনেসাঁ ছাত্রাবাস, মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন প্রতিভা ছাত্রাবাস, আ¤্রকানন ছাত্রাবাস, কুঠিপাড়া ছাত্রাবাস, আদর্শ ছাত্রাবাস ছিলো উল্লেখযোগ্য। নামমাত্র খরচে এ সব ছাত্রাবাসে থেকে ছেলেরা পড়ালেখা করেছে। কিন্তু নানা কারণে এ সব ছাত্রাবাসের নাম এখন স্মৃতির পাতা থেকে হারিয়ে যেতে বসেছে। দ্রব্যমূল্যের লাগামহীন মূল্য বৃদ্ধি, ছাত্রাবাসের ভাড়া বৃদ্ধি, ও বিদ্যুতের দাম বেড়ে যাওয়া অন্যতম কারণ বলে মনে করছেন অনেকে।
নব্বই দশকে ছাত্রবাসে থেকে পড়ালেখা করা ব্যাংক কর্মচারী আসাদুজ্জামান, স্কুল শিক্ষক বাবুল আক্তার, কলেজ শিক্ষক রফিকুল ইসলামসহ একাধিক ব্যক্তি জানান, ছাত্রজীবন হচ্ছে সুখের জীবন আর মেস জীবন হলে তো কথাই নেই। আমরা যখন ছাত্রাবাসে থেকেছি, তখন সব কিছুর দাম ছিল হাতের নাগালে। অল্প খরচে পড়ালেখা শেষ করতে পেরেছি। কিন্তু এখন আর সেটি সম্ভব না, সে কারণে মেসগুলো উঠে গেছে। একটি প্রতিষ্ঠিত কোম্পানিতে কর্মরত মোস্তাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন মেসে থেকে চাকরি করেছি। মহামারি করোনায় মেস বন্ধ হয়ে যায়। বর্তমানে কয়েকজন চাকরিজীবী একত্রিত হয়ে একটি বাসা ভাড়া নিয়ে সেখানে থাকি। তবে মেস গুলো সচল হলে সকলেই উপকৃত হত।
আইপি পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী বলেন, এমন এক সময় ছিল দূরের ছাত্রদের জন্য ছাত্রাবাস ছিল একটি নিরাপদ ঠিকানা। তবে বর্তমান সময়ে যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় শিক্ষার্থীরা বাড়ি থেকে প্রতিষ্ঠানে আসা যাওয়ায় অভ্যাস্ত হয়ে উঠেছে।