দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম

0
প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে পুত্রজায়ায় একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ ও কর্মী পাঠানোসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি নিয়ে যৌথ সংবাদ সম্মেলন করেছেন দুই নেতা।। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফরে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে পুত্রজায়ায় উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। আজ সোমবার (২২ জুন, ২০২৬) স্থানীয় সময় সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মোটর শোভাযাত্রাসহকারে কুয়ালালামপুরের শাংগ্রি লা হোটেল থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে এসে পৌঁছান। সেখানে তাঁদের আন্তরিকভাবে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিণী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।

বাসস ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, পেরদানা পুত্রা ভবনের প্রবেশপথে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে লালগালিচা সংবর্ধনা এবং মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল কর্তৃক গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড পরিদর্শন করেন। আনুষ্ঠানিক সংবর্ধনা শেষে দুই দেশের সরকারপ্রধান নিজ নিজ সফরসঙ্গী ও মন্ত্রিসভার সদস্যদের একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর ভবনের প্রবেশপথে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় পেরদানা পুত্রা ভবনের পঞ্চম তলায় দুই দেশের প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে মিলিত হন। একান্ত বৈঠক শেষে শুরু হয় দুই দেশের উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক, যেখানে উভয় প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন এবং পররাষ্ট্রসচিব আসাদ আল সিয়াম।

পররাষ্ট্রসচিবের পূর্বঘোষণা অনুযায়ী, এই উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, মালয়েশিয়ায় কর্মী পাঠানো, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জনযোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। দ্বিপক্ষীয় এই গুরুত্বপূর্ণ বৈঠক শেষে উভয় নেতা আনুষ্ঠানিক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সংবাদ সম্মেলন পরবর্তী কর্মসূচিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান, ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের; যেখানে মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর। এর আগে গতকাল রোববার স্থানীয় সময় রাত পৌনে নয়টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দিয়ে স্বাগত জানানো হয়েছিল।