সৌদির অর্থ, পাকিস্তানের পারমাণবিক ও তুরস্কের সামরিক শক্তি মিলিয়ে আসছে ‘ইসলামিক ন্যাটো’

0
তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোট: বিশ্ব রাজনীতিতে নতুন শক্তির উত্থান ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বিশ্ব ভূ-রাজনীতিতে এক অভাবনীয় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে শক্তিশালী একটি নতুন নিরাপত্তা জোট গঠনের পথে এগোচ্ছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। ন্যাটোর আদলে প্রস্তাবিত এই ‘ইসলামিক ন্যাটো’র মূল ভিত্তি হবে যৌথ প্রতিরক্ষা, যেখানে যেকোনো এক দেশের ওপর আগ্রাসনকে জোটভুক্ত সব দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। বার্তাসংস্থা ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

প্রস্তাবিত এই কাঠামো অনুযায়ী, সৌদি আরব জোটের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে কাজ করবে। পাকিস্তান তার পারমাণবিক সক্ষমতা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং জনবল দিয়ে প্রতিরক্ষা নিশ্চিত করবে। অন্যদিকে, তুরস্ক তার উন্নত সামরিক প্রযুক্তি ও সুসংগঠিত প্রতিরক্ষা শিল্পের মাধ্যমে জোটের আধুনিকায়ন নিশ্চিত করবে। আঙ্কারা-ভিত্তিক থিংক ট্যাংক ‘টেপাভ’-এর কৌশলবিদ নিহাত আলি ওজচান জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পরিবর্তিত নীতি এবং ইসরায়েলমুখী অবস্থানের কারণেই এই তিন দেশ নিজস্ব নিরাপত্তা বলয় গড়তে আগ্রহী হচ্ছে।

ইতোমধ্যেই আঙ্কারায় তিন দেশের নৌবাহিনীর মধ্যে প্রথম যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তুরস্ক দীর্ঘদিনের ন্যাটো সদস্য এবং জোটের দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির অধিকারী হওয়ায় এই জোটে তাদের অংশগ্রহণ বিশেষ গুরুত্ব বহন করছে। ড্রোন প্রযুক্তি বিনিময় থেকে শুরু করে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘কান’ প্রকল্পেও সৌদি ও পাকিস্তানকে পাশে চাইছে আঙ্কারা। বিশ্লেষকরা মনে করছেন, এই জোট দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার নিরাপত্তা সমীকরণে আমূল পরিবর্তন নিয়ে আসবে।