দুর্ঘটনায় দগ্ধ নসিমনচালককে ঢাকায় চিকিৎসার ব্যবস্থা করলেন অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ সড়ক দুর্ঘটনায় আহত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার নসিমনচালক কাজী আরিফুল ইসলাম। উল্টে নসিমনের গরম পানিতে তার শরীর ঝলসে গেছে। গত শনিবার কেশবপুর পৌর সদরে এ দুর্ঘটনটি ঘটে। এ সময় তার ভগ্নিপতি সাব্বির হোসেন (২৬) আহত হন। এদিকে সোমবার রাতে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন আহত আরিফুল ইসলামকে দেখতে যান বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক (খুলনা বিভাগ) সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এসময় তিনি ঢাকায় তার উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেন।
আহত আরিফুল ইসলাম উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাকিমপুর গ্রামের কাজী মিজানুর রহমানের ছেলে। তার ভগ্নিপতি সাব্বির হোসেন কেশবপুর উপজেলার গোপসানা গ্রামের বাসিন্দা। আহত আরিফুল ইসলামের পিতা জানান, গত শনিবার তার ছেলে কেশবপুর উপজেলা মজিদপুরে একটি নার্সারিতে গাছের চারা আনতে যাচ্ছিলো। পথিমধ্যে কেশবপুর পৌর সদরে মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একজন মোটরসাইকেল চালককে বাচাঁতে গিয়ে তার নসিমন উল্টে যায়। এতে নিচে পড়ে গিয়ে নসিমনের গরম পানিতে তার মুখমন্ডলসহ প্রায় পুরো শরীর ঝলসে যায়। সাথে থাকা তার ভগ্নিপতি কেশবপুরের গোপসানা গ্রামের সাব্বির হোসেনও আহত হন। সেখান থেকে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আরিফুল ইসলামকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসাপতালে রেফার করে। কিন্তু হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন,আরিফুল ইসলামের প্রায় সমস্ত শরীর ঝলসে গেছে। এখানে তার প্রয়োজনীয় চিকিৎসা সম্ভব নয়। যত দ্রুত সম্ভব তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে হবে। বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক তত্ত্বাবধানে সোমবার রাতেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।