দর্শনা থানার আরো ছয় পুলিশ করোনায় আক্রান্ত

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গায় আরো ছয় পুলিশ সদস্যসহ দশজন করোনাভাইরাসে আক্রান্ত বলে গতকাল সোমবার শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত বলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১২৩। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ ল্যাব থেকে এ রিপোর্ট চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসে পৌঁছায়। চুয়াডাঙ্গার সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, কুষ্টিয়া মেডিকেল কলেজ ল্যাব থেকে ৫৭ জনের নমুনার ফল পাওয়া গেছে। এর মধ্যে ছয় পুলিশ সদস্যসহ দশজনের রিপোর্ট পজেটিভ এসেছে। পজেটিভ শনাক্ত হওয়া পুলিশ সদস্যরা দর্শনা থানায় কর্মরত। এর আগে এই থানার ওসি করোনা পজেটিভ বলে শনাক্ত হন। শনাক্ত হওয়া অন্যদের মধ্যে ওই থানার একজন রাঁধুনি রয়েছেন। এছাড়া আলমডাঙ্গা উপজেলার দুইজন ও চুয়াডাঙ্গা সদর উপজেলার এক বাসিন্দা রয়েছেন।
আলমডাঙ্গার দুইজনের মধ্যে একজনের বাড়ি ঘোষবিলা গ্রামে, অপরজন বেলগাছী গ্রামের বাসিন্দা। দর্শনা থানার রাঁধুনি পারকৃষ্ণপুর মদনা গ্রামের বাসিন্দা। সদর উপজেলার যে ব্যক্তির রিপোর্ট পজেটিভ এসেছে তার বাড়ি কুতুবপুর ইউনিয়নের মোহাম্মদ জুম্মা গ্রামে। আক্রান্তদের মধ্যে আটজন পুরুষ ও দুইজন নারী। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক জানান, এখন পর্যন্ত দর্শনা থানার ১৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। ২৯ মে দর্শনা থানার অফিসার ইনচার্জসহ তিনজন, ৫ জুন পাঁচ এসআই ও এক কনস্টেবলসহ ছয়জন এবং আজ রোববার ৬ জন পুলিশ সদস্য পজেটিভ বলে শনাক্ত হন। চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. মারুফ হাসান জানান, নতুন আক্রান্তদের মধ্যে আলমডাঙ্গার দুইজন, সদর উপজেলার একজন ও দর্শনা থানার একজনকে হোম আইসোলেশনে ও ছয় পুলিশ সদস্যকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে। এ পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় করোনায় আক্রান্ত ৭৭ জন সুস্থ হয়েছেন।