তিন শর্তে লাইসেন্স ফিরে পেল মগবাজারের আদ্-দ্বীন হাসপাতাল

0
দেড় মাস পর চালু হচ্ছে মগবাজারের আদ্-দ্বীন হাসপাতাল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৩ শর্ত ।। ছবি: সংগৃহীত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স হারানো রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালকে তিনটি শর্ত সাপেক্ষে আবারও কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে সরকার।

আজ সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহারের কথা জানানো হয়েছে।

এর আগে গত ২৭ মে ঢাকার বড় মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে গত ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছিল স্বাস্থ্য অধিদপ্তর।

পরবর্তীতে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও অধিকতর বিবরণী দাখিল করে। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ জুলাই তিন কর্মদিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির দাখিল করা প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় স্বাস্থ্যসেবা বিভাগ লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহারের এ সিদ্ধান্ত নেয়।

তবে পুনঃঅনুমতি পাওয়ার ক্ষেত্রে আদ্-দ্বীন হাসপাতালকে তিনটি শর্ত মেনে চলতে বলা হয়েছে। শর্তগুলো হলো:

১. ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর নির্দেশনা প্রতিপালন অব্যাহত রাখতে হবে।

২. লাইসেন্সের শর্ত অনুযায়ী অনতিবিলম্বে ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৩. লাইসেন্সের শর্তাবলী প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।