তালায় শিক্ষার্থী নীলার দাফন সম্পন্ন, হত্যার অভিযোগে ৭ জনের নামে মামলা

0
ছবি: নীলা খাতুন (১৬)।

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ধুলন্ডা গ্রামে নীলা খাতুন (১৬) নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তার দাফন করা হয়।

তাকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগে নীলার পিতা লিটন শেখ বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। নীলা মাগুরা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

লিটন শেখের করা ৫ অক্টোবর এর ৪ নম্বর মামলার তথ্য এবং পারিবারিক অভিযোগের ভিত্তিতে জানাগেছে, নীলা কলেজে যাতায়াতের সময় কয়েকজন যুবক তাকে কুপ্রস্তাব দিতো। বিষয়টি নীলা তার পিতাকে জানালে তিনি ধুলন্ডা গ্রামের অফছার শেখের ছেলে আমজেত শেখ (৫০) ও তার পরিবারের সদস্যদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেন।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। অভিযোগে জানানো হয়, গত ১ অক্টোবর রাতে আসামিরা লিটন শেখের বাড়িতে গিয়ে নীলাকে বিভিন্ন ধরনের হুমকি দেয়। পরদিন ২ অক্টোবর জেঠুয়া বাজারে লিটন শেখের হোটেলেও গিয়ে নীলার নামে অপপ্রচার চালানো হয়।

একই দিন দুপুরে বাড়ি ফেরার পথে লিটন শেখকে আসামিরা পথরোধ করে মারধর করে। তাকে উদ্ধারে এগিয়ে গেলে তার স্ত্রী ও মেয়েকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এরপর সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ধুলন্ডা গ্রামের নিজ বাড়ির একটি কক্ষ থেকে নীলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।

নীলার বাবা লিটন শেখের অভিযোগ, তাঁর মেয়ে আত্মহত্যা করেনি। এ ঘটনায় আমজেত শেখ (৫০), আহম্মাদ আলী শেখের ছেলে রকি শেখ (২৪), সেলিম মালির ছেলে সৈয়েব মালি (১৮), আকবর শেখের ছেলে ইমন শেখ (২২), মোহাম্মাদ আলী শেখের ছেলে ইমরান শেখ (২৮), আমজেত শেখের মেয়ে আকলিমা বেগম (২৫) এবং অফছার শেখের ছেলে আকবর শেখকে আসামি করা হয়েছে।

লিটন শেখের অভিযোগ, আসামিরা তার মেয়েকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছেন। এদিকে মামলা হওয়ার পর থেকে এজাহারভুক্ত আসামিরা বাড়িতে থেকে পালিয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।