শার্শায় নেশাজাতীয় ২শ বোতল সিরাপসহ আটক ২

0
ছবি: সংগৃহীত।

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শায় পৃথক অভিযানে ২০০ বোতল নেশাজাতীয় সিরাপ, ১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, শার্শার রাজনগর গ্রামের মনু মিয়ার ছেলে আবু সাঈদ (২১) ও গোড়পাড়া গ্রামের জাহান আলী খানের ছেলে সবুজ খান (৩৫)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (৫ অক্টোবর) রাত ১০টার দিকে রাজনগর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শালতা থেকে শাড়াতলা বাজারগামী সড়কে অভিযান চালিয়ে আবু সাঈদকে আটক করা হয়। তার হেফাজত থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় আটক আবু সাঈদ ও তার সাথে জড়িত পলাতক আরও দুইজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

অপরদিকে, পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘উইনসেরেক্স কফ সিরাপ’ ও একটি ইজিবাইকসহ সবুজ খানকে আটক করা হয়। সে একই উপজেলার গোড়পাড়া গ্রামের জাহান আলী খানের ছেলে।

মঙ্গলবার পাকশিয়া এলাকায় অভিযানে বাজারের একটি চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় সবুজসহ ঘটনার সঙ্গে জড়িত পলাতক আরও তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত মামলা দাখিল করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় নিয়মিত মাদক মামলা রুজু হয়েছে। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।