তালায় ব্যক্তিগত জমির দাবিতে সড়ক নির্মাণ বন্ধ : চরম ভোগান্তিতে এলাকাবাসী

0
ছবি: সংগৃহীত।

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ মাত্র ১৫০ মিটার রাস্তার জন্যে আটকেগেছে সাতক্ষীরার তালা উপজেলার মহান্দী-কাটবুনিয়া সড়কের সম্পূর্ণ কাজ সমাপ্ত হওয়া। ব্যক্তিগত জমির দাবি ও বিরোধের কারণে আটকে গেছে এই সড়কের কাজ। প্রায় ২ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন সড়কের ১ হাজার ৮০০ মিটার কাজ শেষ হলেও বাকি ১৫০ মিটার এখনো কাজ করার উপযুক্ত হয়নি।

এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েকটি গ্রামের মানুষ। স্থানীয়দের অভিযোগ, এক ব্যক্তির আপত্তির কারণে নির্ধারিত নকশা ও সিডিউল অনুযায়ী সড়কের নির্মাণকাজ এগোতে পারছে না।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় মহান্দী থেকে কাটবুনিয়া পর্যন্ত ১ হাজার ৯৫০ মিটার বিসি সড়ক নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির ব্যয় প্রায় ২ কোটি ২০ লাখ টাকা। ইতোমধ্যে সড়কের প্রায় ১ হাজার ৮০০ মিটার অংশে বালি ফিলিংয়ের কাজ শেষ হয়েছে। তবে শেষ ১৫০ মিটার অংশে গিয়ে দেখা দিয়েছে বিরোধ। ফলে ওই অংশের নির্মাণকাজ বন্ধ রয়েছে।

স্থানীয় শাহিনুর সরদারসহ কয়েকজন জানান, মহান্দী গ্রামের বাসিন্দা নজরুল শেখ পুরাতন সড়কের জায়গা নিজের জমি দাবি করে সেখানে নির্মাণকাজে আপত্তি জানিয়েছেন। তার দাবি, ওই জায়গার ওপর দিয়ে সড়ক নির্মাণ করতে দেওয়া হবে না। এর পরিবর্তে খালের পাশ দিয়ে নতুন রাস্তা নির্মাণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন এলাকাবাসী।

এলাকার শহিদুল আকঞ্জি, আক্তার খানসহ কয়েকজন জানান, মহান্দী-কাটবুনিয়া সড়কটি দিয়ে মহান্দী, কাটবুনিয়া, হাজরাকাটি, প্রসাদপুরসহ কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে চলাচল করে। পাশাপাশি ডুমুরিয়া উপজেলার আন্ধারমানিক ও বৈঠায়ারা এলাকার মানুষও সড়কটি ব্যবহার করে। বর্ষাকালে কাঁচা সড়কটি কাদা ও জলাবদ্ধতায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ দুর্ভোগ লাঘবেই সড়কটি পাকা করার উদ্যোগ নিয়েছে সরকার।

এলাকার রফিকুল ইসলাম বলেন, এটি দীর্ঘদিনের চলাচলের রাস্তা। সরকারি অর্থে কাজ শুরু হওয়ার পর এখন যদি ব্যক্তিগত দাবি তুলে কাজ বন্ধ থাকে, তাহলে সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হবে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি তপন চক্রবর্তী বলেন, নতুন রাস্তা দিয়ে কাজ করলে বিল পাবো না। এলাকাবাসী পুরাতন রাস্তা দিয়ে কাজ করার দাবি করছেন। বিরোধের কারণে কাজ বন্ধ আছে। বিষয়টি জানিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা প্রকৌশলীর কাছে চিঠি দেওয়া হয়েছে।

এ বিষয়ে নজরুল শেখ বলেন, আমার জমির ওপর দিয়ে কাজ করতে দেওয়া হবে না। নতুন রাস্তা দিয়ে কাজ করতে হবে।

তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার বলেন, সড়কটি দিয়ে দীর্ঘদিন ধরে মানুষ চলাচল করে আসছে। পুরাতন সড়ক দিয়েই সড়ক নির্মাণ করতে হবে। সড়কের নকশা ও ডিজাইন পরিবর্তন করা যাবে না। কেউ কাজ বন্ধ করে দিলে সেখানে কাজ বন্ধ থাকবে। তবে সিডিউলের বাইরে গিয়ে কাজ করার সুযোগ নেই।