তারা আবারও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে : হেলাল এমপি

0
ছবি: সংগৃহীত।

খুলনা ব্যুরো ॥ গত ১৭ বছরে হত্যা, নির্যাতন ও অর্থপাচারের পরও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে কোনো অনুতাপ নেই, বরং তারা আবারও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০ প্রাণ হত্যার পরও দলটির মধ্যে কোনো অনুশোচনা তৈরি হয়নি। ইতিহাসের ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানে পরাজিতরা আর রাজনীতিতে প্রাসঙ্গিক হতে পারে না।

শনিবার খুলনা নগরীর কেডিঘোষ রোডে দলীয় কার্যালয়ে দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আাজিজুল বারী হেলাল এসব কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেন,

তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণেই ১৯৭৪ সালে শেখ মুজিবুর রহমান নিজেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিলেন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমেও সংগঠনটি নিষিদ্ধ হয়েছে। দুটি দেশের মধ্যে যুদ্ধ হলেও কোনো দেশ আরেক দেশের হাসপাতালে হামলা করে না। অথচ এই সংগঠন হাসপাতাল ও শিশু স্বাস্থ্য প্রতিষ্ঠানে আগুন দিচ্ছে, সংসদ সদস্যদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে এবং জনগণের জানমালের নিরাপত্তা নষ্ট করে হয়রানি করছে।

দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পকে অশান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন খুলনা-৪ আসনের এই সংসদ সদস্য।

হেলাল বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে সংখ্যালঘু নির্যাতনের একটি উদাহরণও কেউ দেখাতে পারবে না।

অন্যদিকে ভারতে গরু রক্ষার নামে বহু মানুষকে প্রাণ দিতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেদিকে নজর না দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। টেলিভিশনের টক-শো ও সংবাদপত্রের কলামে যারা সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত আওয়ামী লীগকে রাজনীতিতে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন, তাদের দেশপ্রেম নিয়ে সন্দেহ প্রকাশ করেন এই বিএনপি নেতা।

তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসীদের এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান।

তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে উল্লেখ করে আজিজুল বারী হেলাল বলেন, তারেক রহমান জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে চব্বিশের গণঅভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাস মোকাবিলা করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা। খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন এবং খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনিসহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।