তামিমের লাইভ আড্ডায় চমক হিসেবে আসছেন ফাফ ডু প্লেসি

0

লোকসমাজ ডেস্ক॥ করোনার এই প্রাদুর্ভাবে মানুষকে কিছুটা বিনোদিত করতে, আতঙ্ক-ভয় থেকে মুক্ত রাখতে অনলাইনে লাইভ আড্ডার আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের পঞ্চপাণ্ডবের মধ্যে সাকিব ছাড়া মাশরাফি, মুশফিক, মাহমুদউল্লাহকে নিয়ে আড্ডায় মেতেছেন তিনি। জুনিয়রদের মধ্যে তাসকিন ও রুবেলকে নিয়ে করেছেন আরেকটি লাইভ সেশন। সর্বশেষ লাইভে ছিলেন বাংলাদেশের সাবেক তিন ক্রিকেটার ও বর্তমান বোর্ড পরিচালক নাঈমুর রহমান দূর্জয়, হাবিবুল বাশার সুমন ও খালেদ মাহমুদ সুজন। সে পর্বের শেষে ভক্তদের উদ্দ্যেশ্যে তামিম বলেন, ‘আগামী পর্বে আপনাদের জন্য ‘তামিম ইকবাল লাইভে’ বিশেষ চমক থাকবে।’ একদিনের মাথায় জানালেন চমকের নাম। দেশের ক্রিকেটের গণ্ডি পেরিয়ে বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিকে। আগামী বুধবার ১৩ মে রাত সাড়ে দশটায় লাইভে আড্ডা মাতবেন তামিম ও ডু প্লেসি।
নিজের ফেসবুক পেইজে এই তথ্য দিয়েছেন তামিম ইকবাল। শেষদিন লাইভ আড্ডার শেষে তামিম জানিয়েছেন ভালো এক আড্ডার অপেক্ষায় তিনি। আশা করছেন দর্শকরাও উপভোগ করবেন এটি, ‘আগামী পর্বে কে আসবে, জানতে চোখ রাখুন আমার ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে। ভালো একজনের সাথে আমরা লাইভ আড্ডা দিবো। আশা করি আপনারা উপভোগ করবেন।’