রাজীবের নেতৃত্বে খেলবেন বাংলাদেশি লিজেন্ডসরা

0

স্পোর্টস ডেস্ক॥ মোহাম্মদ রফিকের নেতৃত্বে গত বছর রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলতে গিয়ে বাংলাদেশ লিজেন্ডস। এবারের আসরে নেতৃত্ব বদলেছে, বদল হয়েছে খেলোয়াড়েরও। ভারতে এবার লাল-সবুজের লিজেন্ডসদের নেতৃত্ব দেবেন শাহাদাত হোসেন রাজীব। তার নেতৃত্বে এবার বাংলাদেশ দলে খেলবেন দেশের সাবেক তারকারা।
টুর্নামেন্টের প্রথম আসরে তেমন সুবিধা করতে পারেননি বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া দলটি। সেই দলে ছিলেন খালেদ মাহমুদ সুজন, নাফিস ইকবাল, হান্নান সরকার, আব্দুর রাজ্জাক, রাজিন সালেহ, জাভেদ ওমর ও মোহাম্মদ রফিকের মতো ক্রিকেটাররা।
এবারের দলেও আছেন গত আসরে খেলা মোহাম্মদ নাজিম উদ্দিন, মেহেরাব হোসেন অপি, আলমগীর কবির, রাজ্জাক, মোহাম্মদ শরীফ, খালেদ মাসুদ পাইলট। এছাড়া সম্প্রতি প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানানো অলক কাপালিও রয়েছেন দলে।
বাংলাদেশ ছাড়াও আট দলের টুর্নামেন্টে অন্য সাত দল হলো ইন্ডিয়া লিজেন্ডস, দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস, অস্ট্রেলিয়া লিজেন্ডস, ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস, শ্রীলঙ্কা লিজেন্ডস, ইংল্যান্ড লিজেন্ডস ও নিউজিল্যান্ড লিজেন্ডস। প্রথমবারের মতো খেলবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
আগামী ১০ সেপ্টেম্বর শুরু হবে এ টুর্নামেন্ট। ভারতের কানপুরে মাঠে গড়াবে উদ্বোধনী ম্যাচ। সবমিলিয়ে ২২ দিনের এ টুর্নামেন্টের বাকি তিন ভেন্যু রায়পুর, ইন্দোর ও দেরাদুন। দুটি সেমিফাইনাল ও ১ অক্টোবর ফাইনাল দেরাদুনের মাঠে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ লিজেন্ডস স্কোয়াড
মোহাম্মদ নাজিম উদ্দিন, নাজমুস সাদাত, মেহরাব হোসেন অপি, আফতাব আহমেদ, তুষার ইমরান, অলক কাপালি (সহ-অধিনায়ক), ধীমান ঘোষ (উইকেটরক্ষক), শাহাদাত হোসেন রাজীব (অধিনায়ক), আবুল হাসান রাজু, ইলিয়াস সানি, আলমগীর কবির, খালেদ মাসুদ পাইলট (উইকেটরক্ষক), আব্দুর রাজ্জাক, ডলার মাহমুদ, মোহাম্মদ শরীফ ও মামুন উর রাশেদ।