ডেঙ্গু আক্রান্ত হয়ে যশোরে নির্মাণ শ্রমিকের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার ॥ ডেঙ্গু আক্রান্ত হয়ে যশোরে আরও একজনের মৃত্যু হয়েছে। ১ জানুয়ারি পর্যন্ত এ নিয়ে জেলায় মোট ৪ জনের মৃত্যু হলো। মৃত ওই ব্যক্তির নাম মো. সাবু বিশ্বাস (৩২)। তিনি যশোর সদরের ফতেপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলামের চাচাতো ভাই ও বাউলিয়া গ্রামের বাউলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
অসুস্থ হয়ে গত রোববার বিকেলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। কিন্তু ঢাকায় নেয়ার পথে রাত সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়। তিনি পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, তার আপন চাচাতো ভাই সাবু বিশ্বাস কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। হঠাৎ তার মুখ দিয়ে রক্ত উঠছিল। অসুস্থতা বেশি হলে রোববার তাকে যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হলে তাকে ডেঙ্গু ওয়ার্ডে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যে রাতে তাকে নিয়ে ঢাকায় উদ্দেশ্যে রওনা হন পরিবারের লোকজন। কিন্তু ঢাকায় নেয়ার পথে যশোর মণিহার সিনেমা হলের সামনে অ্যাম্বুলেন্স পৌঁছানোর পর রাত সাড়ে এগারোটার দিকে তার মৃত্যু হয়। সকালে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়েছে। দুই ছেলে ও স্ত্রী রয়েছে তার।
এদিকে সিভিল সার্জন যশোরের কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যশোর জেলায় ১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন। এরমধ্যে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৭ জন। একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত সাত মাসে যশোরে চারজনের মৃত্যু হয়েছে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়।
যশোরের সিভিল সার্জন বিপ্লব কুমার বিশ্বাস বলেন, যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা স্থিতিশীল রয়েছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় রোববার জেলা ডেঙ্গু প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে সপ্তাহের প্রথম দিন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। ডেঙ্গুর লার্ভা জন্মানোর সব ক্ষেত্র ধ্বংস করতে হবে। ওই সভায় বিভিন্ন দপ্তরের প্রধান ব্যক্তিরা উপস্থিত ছিলেন বলে সিভিল সার্জন জানান।
অপরদিকে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা বের করে যশোর জেলা প্রশাসন। এতে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।