ডেঙ্গুর তথ্য নিতে যশোর জেনারেল হাসপাতালে গিয়ে ৩ সাংবাদিক লাঞ্ছনার শিকার

0

স্টাফ রিপোর্টার॥ ডেঙ্গু রোগীদের বিষয়ে তথ্য নিতে যশোর জেনারেল হাসপাতালে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন তিন সাংবাদিক। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক হারুন অর রশিদ এসব সাংবাদিককে পুলিশের হাতে তুলে দেওয়ারও চেষ্টা করেন।
রোববার দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসকের কক্ষে এ ঘটনা ঘটে। লাঞ্ছনার শিকার সাংবাদিকরা হলেন-বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) যশোর প্রতিনিধি ও প্রেস ক্লাব যশোরের সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, ৭১ টিভির যশোর প্রতিনিধি এসএম ফরহাদ ও ক্যামেরাপারসন শাহারুল ইসলাম ফারদিন।
৭১ টিভির যশোর প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এসএম ফরহাদ বলেন, ‘দুপুর ১২টার দিকে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সংক্রান্ত তথ্য জানতে হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক হারুন অর রশিদের মোবাইল নম্বরে কল দিই। মোবাইলে তথ্য দেবেন না জানিয়ে সরাসরি অফিসে যেতে বলেন তত্ত্বাবধায়ক। দুপুর ১টার দিকে তার অফিসে যাই আমরা তিন জন। আমাদের দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং রুম থেকে বের হয়ে যেতে বলেন তত্ত্বাবধায়ক। ওই সময় ফারদিন ক্যামেরা চালু করায় তাকে ধাক্কা দেন ওই চিকিৎসক। এরপর কয়েকজন চিকিৎসক ও কর্মচারীকে ডেকে আমাদের ওপর হামলা চালানো হয়।’
তত্ত্বাবধায়ক কেন ক্ষুব্ধ হয়েছেন জানতে চাইলে এস এম ফরহাদ বলেন, ‘সম্প্রতি হাসপাতালের ডেঙ্গু চিকিৎসা ব্যবস্থা নিয়ে স্থানীয় ও জাতীয় কয়েকটি গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশ হওয়ার পর থেকে সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ ছিলেন তিনি। বিনা অনুমতিতে তার কক্ষে প্রবেশ করায় এবং ক্যামেরা সঙ্গে রাখার অজুহাতে তিনি আমাদের ওপর হামলা চালিয়েছেন। সেই সঙ্গে আমাদের পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছেন।’
পরে ঘটনা শুনে প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি মো. আকরামুজ্জামান, সহসভাপতি বিএম আসাদ, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন যশোরের আহ্বায়ক সাকিরুল কবীর রিটন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমআর খান মিলনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ হাসপাতালে যান। নেতৃবৃন্দ তত্ত্বাবধায়কের কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি ব্েলন, তেমন কিছু হয়নি। বিনা অনুমতিতে আসার ভিডিও করছিল। তাই পুলিশ ডেকেছি।
এদিকে পেশাগত দায়িত্বপালনকালে যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক কর্তৃক সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন যশোরের সাংবাদিক নেতৃবৃন্দ। তারা অনতিবিলম্বে এ ঘটনার সাথে জড়িত যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদের অপসারণ দাবি করেন।
পৃথক পৃথক বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও যুগ্ম সম্পাদক গালিব হাসান পিল্টু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু ও সাধারণ সম্পাদক এইচ আর তুহিন এবং যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের জেডিইউজে) সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম।