টাইব্রেকারে হাজিরবাগকে হারিয়ে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের সেমিফাইনালে ঝিকরগাছা সদর

0
ঝিকরগাছায় ১২ দলীয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে হাজিরবাগ ইউনিয়নকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে ঝিকরগাছা সদর ইউনিয়ন ফুটবল একাদশ।

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) ॥ যশোরের ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ১২ দলীয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হাজিরবাগ ইউনিয়ন ফুটবল একাদশকে ৪-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ঝিকরগাছা সদর ইউনিয়ন ফুটবল একাদশ।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে ঐতিহ্যবাহী ঝিকরগাছা বিএম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এই জমজমাট ম্যাচে মুখোমুখি হয় হাজিরবাগ ইউনিয়ন বনাম ঝিকরগাছা সদর ইউনিয়ন ফুটবল একাদশ। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়।

দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে ঝিকরগাছা সদর ইউনিয়নের ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় হৃদয় হোসেন গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। তবে ম্যাচের শেষ মুহূর্তে হাজিরবাগ ইউনিয়নের ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় রিজভী দুর্দান্ত এক গোলে সমতা ফেরান। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে ৪-১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ঝিকরগাছা সদর ইউনিয়ন।

ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ঝিকরগাছা সদর ইউনিয়নের ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় হৃদয় হোসেন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এদিন সেরা দর্শক নির্বাচিত হন রিপন হোসেন।

ম্যাচ পরিচালনা করেন, মোহাম্মদ ইব্রাহিম হোসেন। তাঁকে সহায়তা করেন আল ইমরান শান্ত, মিজানুর রহমান ও বশির আহমেদ। ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করেন আবু হাসান। ধারাভাষ্য দেন মঈন উদ্দিন বাবু ও শামিম কবির রনি।

আগামী শুক্রবার টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে গঙ্গানন্দপুর ইউনিয়ন ফুটবল একাদশের মুখোমুখি হবে শংকরপুর ইউনিয়ন ফুটবল একাদশ।

খেলা উপভোগ করতে গ্যালারিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি ও জুলাই আন্দোলনে শহীদ ইমতিয়াজ আহমেদের পিতা নওশের আলী, বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সামছুর রহমান, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামশেদ আলী, ঝিকরগাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন মেম্বার, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু মুসা মিন্টু, বিএনপি নেতা বিল্লাল হোসেন, রফিকুল ইসলাম, রবিউল ইসলাম রবি, রুবেল হোসেন, আলামিন ইউসুফ, ছাউয়ান হোসেন, ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, ক্রিকেট একাডেমির সভাপতি শাহারুল আলম হ্যাপি, সহ-সভাপতি আহম্মেদ রেজা সজিব, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাসারসহ ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক দর্শক।

ম্যাচ শেষে সাবেক খেলোয়াড় শাহাদাৎ হোসেন ও আখতারুল ইসলাম রিপন বলেন, দুই দলই আক্রমণাত্মক ও দর্শকনন্দিত ফুটবল উপহার দিয়েছে। পুরো ম্যাচজুড়ে ছিল তুমুল উত্তেজনা, যা দর্শকদের মুগ্ধ করেছে।