ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর হামলা

এসময় দুই পক্ষে হাতাহাতি হয়। নেতা-কর্মীরা নাসির উদ্দিন পাটোয়ারিকে ঘিরে রেখে নিরাপদ দূরত্বে নিয়ে যান

0

ঝিনাইদহ সংবাদদাতা, লোকসমাজ ॥ ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম, ইট-পাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ২টার দিকে পুরাতন কালেক্টরেট মসজিদ এর সামনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তার সঙ্গে কথা বলতে এগিয়ে যান। কথোপকথনের একপর্যায়ে পেছন দিক থেকে কয়েকজন যুবক ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এসময় দুই পক্ষে হাতাহাতি হয়। নেতা-কর্মীরা নাসির উদ্দিন পাটোয়ারিকে ঘিরে রেখে নিরাপদ দূরত্বে নিয়ে যান।

ঘটনার পর এনসিপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঝিনাইদহ সদর থানায় যান । সেখানে নাসিরুদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের বলেন, এ ঘটনার জন্য বিএনপি,যুবদল, পুলিশ ও আইনমন্ত্রী দায়ি।

এনসিপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে ঝিনাইদহে একটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঝিনাইদহ থানার ওসি আসাদুজ্জামান বলেন, স্থানীয় ছাত্রদলের কিছু নেতা-কর্মী ডিম নিক্ষেপ করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মাঠে কাজ করছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন।