ঝিনাইদহে সাবেক এসপি ও ১১ পুলিশ কর্মকর্তাসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের ছাত্রদল নেতা মিরাজুল ইসলাম মীর্জা ও ইসলামী ছাত্র শিবির সভাপতি ইবনুল ইসলাম পারভেজকে বিচারবহির্ভূত হত্যার অভিযোগে মামলা হয়েছে। ঝিনাইদহের আদালতে বৃহস্পতিবার সাবেক এক পুলিশ সুপারসহ ১১ পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগের ১৭ নেতার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন নিহতের স্বজনরা।
মামলায় ঝিনাইদহের সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন (চাকরিচ্যুত), সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল, সদর থানার সাবেক ওসি হাসান হাফিজুর রহমান, ডিবির ওসি কামরুল ইসলাম, এসআই আমিনুর রহমান, এসআই বোরহানুল ইসলাম, এসআই শাহরিয়ার হাসান, এসআই আমিনুল ইসলাম, এসআই উজ্জল মৈত্র ও ডিবির ওয়াচার মুরাদকে আসামি করা হয়েছে। এছাড়া ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ দলের ১৭ শীর্ষ নেতাকে পারভেজ হত্যা মামলায় আসামি করেছে। ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামলা দুটি এজাহার হিসেবে গ্রহণ করতে ঝিনাইদহ সদর থানাকে নির্দেশ দিয়েছেন।
২০১৫ সালের ১৮ মার্চ ছাত্রদল নেতা মিরাজুল ইসলাম মীর্জাকে ঝিনাইদহ শহরের একটি ছাত্রাবাস থেকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। ওই মাসের ২৫ তারিখে মীর্জার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা এলাকার পন্নাতলা মাঠে। হত্যার ৯ বছর পর তার মা বুলবুলি খাতুন তৎকালীন সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন, এসআই শাহরিয়ার হাসান ও এসআই আমিনুল ইসলামকে আসামি করেন। অন্যদিকে ঝিনাইদহ শহর ছাত্র শিবিরের সভাপতি ইবনুল ইসলাম পারভেজ হত্যা মামলাটি করেছেন তার পিতা জাহাঙ্গীর হোসেন। তিনি আদালতে দায়েরকৃত অভিযোগ উল্লেখ করেন, ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিলিতভাবে ইবনুল ইসলাম পারভেজকে ২০১৬ সালের ১৬ জুন ঢাকা থেকে আটক করে নিয়ে আসে। তাকে চোখ মুখ বেঁধে অকথ্য নির্যাতন করে আসামিরা। অপহরণের ১৭ দিন পর ২০১৬ সালের ২ জুলাই ঝিনাইদহ সদর উপজেলার আড়ুয়াকান্দি এলাকায় ইবনুল ইসলাম পারভেজের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। ।