নড়াইলে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ১০

বিরোধের জেরে দু’পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, এলাকায় উত্তেজনা

0

নড়াইল সংবাদদাতা, লোকসমাজ : নড়াইলে মসজিদ কমিটি গঠন ও মসজিদের জন্য সাপ্তাহিক চাল আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে সিঙ্গিয়া গ্রাম এলাকার বণিকপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া গ্রামের বণিকপাড়া জামে মসজিদ ও কবরস্থানের কমিটি গঠনকে কেন্দ্র করে একই গ্রামের মতিয়ার রহমান ও আলম মিয়া পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসার লক্ষ্যে শুক্রবার সকালে মসজিদের সামনে উভয় পক্ষকে নিয়ে একটি সমঝোতা বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠক চলাকালে একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় দু’পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারিতে অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন।

নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।