ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ঝিনাইদহে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাস পোড়ানো মামলায় বৈষম্যবিরোধী দুই ছাত্র নেতার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকি ৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ সিনিয়র জুডিশ্য়ল ম্যাজিস্ট্রেট-২য় আদালতের বিচারক মোখলেছুর রহমান এ আদেশ দেন।

রিমান্ড মঞ্জুরকৃত দুই ছাত্রনেতা হলেন, ঝিনাইদহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির ও ‘দ্য রেড জুলাই’ এর জেলা কমিটির আহবায়ক আবু হাসনাত তানাইম।

ঝিনাইদহ আদালত পরিদর্শক মোক্তার হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির ও দ্য রেড জুলাই এর আহবায়ক আবু হাসনাত তানাইমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

উল্লেখ্য, গত ৭ মার্চ দিবাগত রাতে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের অভিযোগে দায়েরকৃত মামলায় তাদের আসামী করা হয়েছে।

আসামীরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহবায়ক তাশদীদ হাসান, যুগ্ম-আহবায়ক এজাজ হোসেন অন্তর, রাসেল হুসাইন।

ঝিনাইদহ আদালত পরিদর্শক মোক্তার হোসেন আরও জানান, ফিলিং স্টেশনে ভাংচুরের মামলায় আটক আসামীদের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে আদালত রিমান্ড নামঞ্জুর করে আসামীদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।