চৌগাছায় বিএনপি কর্মী আতিয়ার হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

উদ্ধার হলো হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছোরা

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় বিএনপি কর্মী আতিয়ার রহমান (৩৮) হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ আলী ওরফে হাসান ঢাকায় গ্রেফতার হয়েছে। গত মঙ্গলবার রাতে ঢাকার কাফরুল থানা এলাকা থেকে তাকে র‌্যাব-৪ সদস্যরা গ্রেফতার করেন।

নিহত আতিয়ার রহমান উপজেলার ধুলিয়ানি ইউনিয়নের ফতেপুর গ্রামের আমিন উল্লাহর ছেলে। তিনি চৌগাছার সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী বহনের আলমসাধুচালক ছিলেন।

খবর পেয়ে ঢাকায় গ্রেফতার আসামি মোহাম্মদ আলীকে চৌগাছা থানা পুলিশ বুধবার থানায় নিয়ে আসেন। সকালে তার স্বীকারোক্তি মোতাবেক গ্রামের বাড়ি ফতেপুরে নিজ ঘরের মাচার নিচে লুকিয়ে রাখা রক্তমাখা ছোরা, টর্চলাইট উদ্ধার করেছে পুলিশ।

থানা সূত্র থেকে জানা গেছে, ঢাকার মিরপুর থেকে আটক এক নং আসামি মোহাম্মদ আলী ওরফে হাসান হত্যাকাণ্ড ঘটানোর পরপরই চলে যায় ঢাকায়। তিনি মিরপুর এলাকায় আত্মীয় বাড়িতে অবস্থান করছিলেন। বাঁওড়ে চুরি করে মাছ ধরা নিষেধ করায় আতিয়ার রহমানকে হত্যা করে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার এজাহারভুক্ত ১নং আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ছবি: সংগৃহীত।

এ দিকে বুধবার বিকেলে হত্যার শিকার আতিয়ার রহমানের ভাই মামলার বাদী রাশেদ আলীসহ তাদের স্বজন ও এলকাবাসী থানার সামনে বিক্ষোভ করেছেন। তারা সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন একই সাথে তারা পুলিশের কাছে নিরাপত্তা চান। খবর পেয়ে থানার ওসি উপস্থিত হয়ে সকলকে শান্ত করেন।

তিনি বলেন, মামলার পর এ পর্যন্ত এজাহারভুক্ত তিন আসামিকে আমরা গ্রেফতার করেছি, অভিযান চলছে সকলেই গ্রেফতার হবেন বলে তিনি সকলকে আশ্বস্ত করেন। এ সময় মামলার রাশেদ আলী বলেন, হত্যা মামলা হওয়ার পর বিভিন্ন ভাবে তাকে হুমকি দেওয়া হচ্ছে।