না ফেরার দেশে ফজলে রাব্বি মোপাশা

যশোরের রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোরের সর্বজনপরিচিত সামাজিক ব্যক্তিত্ব ফজলে রাব্বি মোপাশা ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে যশোরের রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ফজলে রাব্বি মোপাশা যশোর শহরের আরএন রোড বস্তাপট্টি এলাকার বাসিন্দা ছিলেন। তিনি প্রাচীন মুদ্রণ ব্যবসা প্রতিষ্ঠান পূর্বাচল প্রেসের স্বত্বাধিকারী মরহুম ফজলুল রাব্বির একমাত্র ছেলে। পিতার মৃত্যুর পর তিনি প্রতিষ্ঠানটির দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘদিন সফলতার সঙ্গে পরিচালনা করেন।

যশোর জেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলে রাব্বি মোপাশা মূলত একজন রোটারিয়ান হিসেবে ব্যাপক পরিচিত ছিলেন। তিনি জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সভাপতি, কিংশুক সঙ্গীত শিক্ষা কেন্দ্রের সভাপতি এবং যশোর ক্যান্টনমেন্ট কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ক্রীড়াঙ্গনেও তার সক্রিয় পদচারণা ছিল।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মোপাশার ছোট বোন বিপাশা জানান, মঙ্গলবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার মিরপুরে হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। রাতে তার হার্টে রিং পরানোর কথা ছিল। তবে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি আরও জানান, বুধবার রাত ১১টায় ঢাকার সোবহানবাগ জামে মসজিদের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ যশোরে আনা হয়। আজ বৃহস্পতিবার বাদ জোহর চৌরাস্তা জামে মসজিদের সামনে দ্বিতীয় জানাজা শেষে তাকে কারবালা কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে শোকের প্রতিক্রিয়া দেখা যায়। ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং তার শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পৃথক শোকবার্তা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ও দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম ফজলে রাব্বি মোপাশার রাজনৈতিক, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।