বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক সই

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাঝেই বেইজিংয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে প্রথমবারের মতো একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। দুই দলের রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথমবারের মতো কোনো সমঝোতা স্মারক সই হলো।

চীনের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (২৫ জুন, ২০২৬) সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানী বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বেইজিং সফররত বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের এই বিশেষ অর্জনের তথ্যটি দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপির পক্ষে দলটির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং নিজ নিজ দলের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদি আমিন এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে তাঁর প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে চীনে অবস্থান করছেন। সফরসঙ্গী হিসেবে তাঁর সাথে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টা। প্রধানমন্ত্রীর এই রাষ্ট্রীয় সফরের মাঝেই দুই দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দলের মধ্যে এই সমঝোতা স্মারক সই হলো।