ঝিনাইদহে কলা ক্ষেত থেকে দিনমজুরের রক্তাক্ত লাশ উদ্ধার

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ সদর উপজেলার রামনগর গ্রামের একটি কলা ক্ষেত থেকে আসলাম হোসেন (৫০) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১টার দিকে পুলিশ রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তি পাবনার চাটমোহর উপজেলা বহরপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে বলে পুলিশ জানিয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলেও প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলে কিছু জামাকাপড়, মাটি খোড়ার শাবল, কিছু বেগুন ও একটি কাচি পাওয়া গেছে।
মহারাজপুর ইউনিয়নের খামারাইল ওয়ার্ডের মেম্বার জাহিদুল ইসলাম জানান, সকালে রামনগর গ্রামের কলা ক্ষেতে লাশ পড়ে থাকার বিষয়টি জানতে পেয়ে ইউপি চেয়ারম্যান ও পুলিশকে অবগত করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার ও শনাক্ত করার চেষ্টা করে। মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মিয়া খুরশিদ আলম জানান, নিহত ব্যক্তি দিনমজুর ছিল। তার মাথায়, হাতের তালু ও কানের পাশে আঘাতের চিহ্ন আছে। সম্ভবত শাবল দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হতে পারে।
ঝিনাইদহ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। আমরা লাশের পরিচয় উদ্ধারে প্রযুক্তি ব্যবহার করেছি। এখন হত্যাকারীদের গ্রেফতারের প্রচেষ্টা করা হচ্ছে।