ঝিনাইদহে আরও এক বিদ্যালয় থেকে কম্বলে মোড়া মরদেহ উদ্ধার!

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে তিন দিনের ব্যবধানে বিদ্যালয় থেকে কম্বল পেঁচানো আরও একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুের সদর উপজেলার লাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিঁড়ির নিচ থেকে অজ্ঞাত পরিচয় ওই মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত ৬ ফেব্রুয়ারি সদর উপজেলার তেঁতুলতলা এমকে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে কম্বল পেঁচানো ইলিয়াস পাটোয়ারি নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়।
তিন দিনের ব্যবধানে একই এলাকার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের বারান্দা থেকে মরদেহ উদ্ধারের ঘটনা নিয়ে এলাকাবাসী শংকিত হয়ে পড়েছে। লাউদিয়া গ্রামের তৈয়ব আলী জানান, বিদ্যালয়ের মাঠে বাচ্চারা খেলা করছিল। এমন সময় দুর্গন্ধ পায় তারা। দুর্গন্ধ কোথা থেকে আসছে উৎস খোঁজ করতে গিয়ে স্কুলের সিঁড়ির নিচে দেখতে পায় কম্বল পেঁচানো অবস্থায় কিছু একটা পড়ে আছে। কম্বলটা রক্তমাখা দেখে পুলিশে খবর দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন জানান, মরদেহটি বিবস্ত্র অবস্থায় কম্বল দিয়ে পেঁচানো ছিল। ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) ইমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলিত মরদেহটি উদ্ধার করেছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। তিনি আরও জানান, দুদিন আগেও তেঁতুলতলার এম কে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। সেটিও কম্বলে পেঁচানো ছিল। দুটি মৃত্যুই রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে।