মিষ্টির শোকেচে তেলাপোকার অবাধ বিচরণ: যশোরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে বনফুলকে ১ লাখ টাকা জরিমানা

0
যশোরে অস্বাস্থ্যকর পরিবেশ ও তেলাপোকা পাওয়ার অভিযোগে বনফুল মিষ্টির দোকানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার॥ যশোর শহরের চৌরাস্তায় অবস্থিত সুপরিচিত বনফুল মিষ্টির দোকানে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পরিচালিত এই অভিযানে দোকানটির ভেতরের অস্বাস্থ্যকর পরিবেশ, মিষ্টি সংরক্ষণব্যবস্থা ও পরিচ্ছন্নতার ঘাটতিসহ নানা অনিয়মের চিত্র ধরা পড়ে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেলিমুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুর রহমান।

যশোর শহরের চৌরাস্তায় বনফুল মিষ্টির দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত অভিযান ও তদারকি।। ছবি: লোকসমাজ

অভিযান চলাকালে দেখা যায়, বিক্রির উদ্দেশ্যে সাজিয়ে রাখা মিষ্টির আশপাশে অবাধে তেলাপোকা বিচরণ করছে। এমনকি মিষ্টি সংরক্ষণের জায়গার কাছাকাছিও তেলাপোকার উপস্থিতি লক্ষ্য করা যায়, যা খাদ্যপণ্যের পরিচ্ছন্নতা ও ক্রেতাদের নিরাপত্তার বিষয়ে চরম উদ্বেগের সৃষ্টি করে।

এর পাশাপাশি, দোকানে বিক্রির জন্য রাখা মিষ্টির গায়ে প্রয়োজনীয় ট্যাগ না থাকার বিষয়টি কর্মকর্তাদের নজরে আসে, যার ফলে পণ্যের পরিচিতি ও মূল্যসংক্রান্ত তথ্য প্রদর্শনের নিয়ম লঙ্ঘিত হয়।

খাদ্যপণ্যের মতো সংবেদনশীল এমন স্থানে এসব অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় বনফুল মিষ্টির দোকানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।