ঝিকরগাছা হানাদার মুক্ত দিবস আজ

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ আজ ৬ ডিসেম্বর। যশোরের ঝিকরগাছা উপজেলা হানাদার মুক্ত দিবস । ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মাধ্যমে ঝিকরগাছা উপজেলা হানাদার মুক্ত হয়। এই দিনে ঝিকরগাছা থেকে পাকহানাদার বাহিনী পালিয়ে যায়। ১৯৭১ সালে পাকিস্থানি উপনিবেশবাদের বিরুদ্ধে সারা দেশের ন্যায় নিরস্ত্র মুক্তিপাগল মানুষ ঝিকরগাছা উপজেলার ছাত্র, শ্রমিক, কৃষক ও বুদ্ধিজীবীসহ সর্বশ্রেণির মানুষ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ চলাকালীন যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামের কৃতী সন্তান মশিয়ুর রহমানকে পাকহানাদার বাহিনী ও রাজাকাররা ধরে নিয়ে তার হাত-পা বেঁধে গুলি করে নির্মমভাবে হত্য করে। এরপর পাকহানাদার বাহিনী (চৌগাছা-ঝিকরগাছা) উপজেলার সিমান্তবর্তী স্থান চৌগাছা উপজেলার কাবিলপুর ও ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি এলাকা দিয়ে বিভিন্ন এলাকায় অবস্থান করে। ১৯৭১ সালের ৫ ডিসেম্বর সন্ধ্যার পর ঝিকরগাছা বাজারের কপোতাক্ষ নদের ওপর নির্মিত ব্রিজ দিয়ে পাকসেনারা পালানোর চেষ্টা করে। কিন্তু মুক্তিকামী ঝিকরগাছার বীর সন্তানেরা জীবনের মায়া ত্যাগ করে সেখানে অবস্থান নেন। জানতে পেরে ওই রাতেই পাকহানাদার বাহিনী ঝিকরগাছা উপজেলা সীমানা ছেড়ে যশোর সেনানিবাস অভিমুখে পালিয়ে যায়। সর্বশেষ ১৯৭১ সালের ৬ ডিসেম্বর দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ঝিকরগাছা হানাদার মুক্ত হয়। তবে স্বাধীনতার ৫২ বছরেও ঝিকরগাছা হানাদার মুক্ত দিবসে স্থানীয় সংবাদকর্মীরা লেখালেখি করলেও এদিন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে কোন কর্মসূচি পালন করা হয়না।
ঝিকরগাছায় মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে কোন কর্মসূচি আছে কিনা জানতে চাইলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী বলেন, কমিটি না থাকায় মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে এদিন কোন কর্মসূচি গ্রহণ করা হয়নি। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এদিন শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
এ ব্যাপারে জানতে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. মাহবুবুল হকের অফিসিয়াল মেবাইলফোনে মঙ্গলবার দুপুর ও বিকেলে কয়েকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।