ঝিকরগাছায় দিনদুপুরে মোটরসাইকেল চুরি

0

 

ঝিকরাগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় প্রকাশ্য দিবালোকে মোটরসাইকেল নিয়ে চম্পট দিলো এক দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার দুপুরে ঝিকরগাছা পৌর শহরের সোনালী ব্যাংক লিমিটেডের সামনে। ব্যাংকের ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি টিভি) ভিডিও ফুটেজে দেখা যায়, সাদা শার্ট, প্যান্ট ও মাথায় লালক্যাপ পরিহিত ভদ্রবেশী ওই দুর্বৃত্ত মোটরসাইকেলের মালিক মহাদেব কুমার খাঁ’কে অনুসরণ করতে থাকে। মোটরসাইকেলটি ব্যাংকের নিচতলায় রেখে তিনি বেতন তুলতে দ্বিতীয়তলায় যান। এ সময় অজ্ঞাতনামা ওই দুর্বৃত্ত ২বার ব্যাংকের সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় ওঠানামা করে। এক পর্যায়ে সুযোগ বুঝে নিচতলায় নেমে মুহূর্তের মধ্যে সুকৌশলে কালো রংয়ের হোন্ডা লিভো মোটরসাইকেলটির (নং- যশোর-হ-১৬-৯৮৪২) ঘাড়ের লক ভেঙ্গে নিয়ে যশোর অভিমুখে চম্পট দেয়। স্বল্প বেতনভোগী মোটরসাইকেলের মালিক ব্যাংকের কাজ শেষে নিচেতলায় এসে তার মোটরসাইকেলটি না পাওয়ায় হতাশার পাশাপাশি চিৎকার ও বিলাপ করতে থাকেন। বিষয়টি শাখা ব্যবস্থাপককে জানালে তিনি ব্যাংকের সিসি টিভির ভিডিও ফুটেজ চালু করলে মোটরসাইকেলটি চুরির দৃশ্য দেখা যায়। এ ব্যাপারে ভুক্তভোগী মোটরসাইকেলের মালিক ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তিনি ছুটিপুর গ্রামের বাসিন্দা মৃত অনীল কুমার খাঁ ছেলে ও ঝিকরগাছা গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজে অফিস সহকারী পদে কর্মরত আছেন।