ঝিকরগাছায় জমিসংক্রান্ত বিরোধ ঘরবাড়ি ভাঙচুরের মিথ্যা নাটক সাজিয়ে মামলা

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় ঘরবাড়ি ভাঙচুরের মিথ্যা নাটক সাজিয়ে কলেজ পড়–য়া দুই শিক্ষার্থীসহ নিরীহ ৫ গ্রামবাসীর নামে থানায় অভিযোগ দিয়েছেন আমেনা বেগম নামের এক নারী। তিনি উপজেলার লাউজানী গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী ও হাফেজ হাফিজুর রহমানের মা। গতকাল মঙ্গলবার ঝিকরগাছা উপজেলার লাউজানী গ্রামে গিয়ে জানাগেছে, ওই গ্রামের ফজলুল করিমের ছেলে রিজাউল ইসলাম নেতো তার সহোদর বড়ভাই ইসমাইল হোসেনের কাছ থেকে প্রায় ৬ মাস আগে ২ লাখ ৭৫ হাজার টাকার বিনিময়ে ৫শতক জমি ক্রয় করেন। কিন্তু ক্রয়কৃত জমি রেজিষ্ট্রি করে না দেয়ায় রিজাউল ইসলাম নেতো স্থানীয় ইউপি সদস্যর কাছে বিচার দাবি করেন। এ ঘটনায় গত শনিবার বিকেলে ইউপি সদস্য তবিবর রহমান উজ্জলের উপস্থিতিতে এক শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু জমি বিক্রেতা ইসমাইল হোসেন জমি রেজিষ্ট্রি করে দিতে রাজি না হওয়ায় শালিস বৈঠক কোনো রকম মিমাংসা ছাড়াই শেষ হয়। এসময় শালিস বৈঠকে কোনো মারামারি বা ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেনি। তবে কিছুটা কথাকাটাকাটি হয়েছে বলে শালিসে উপস্থিত ইউপি সদস্য তবিবর রহমান উজ্জল, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল বারিক, ঝিকরগাছা সদর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুলতান আহম্মেদসহ বেশ কয়েকজন জানিয়েছেন।
এদিকে এ ঘটনাকে পুঁজিকরে ইসমাইল হোসেনের স্ত্রী আমেনা বেগম ও তার ছেলে হাফেজ হাফিজুর রহমান নিজেদের ঘরবাড়ি ভাঙচুর ও মারপিটের মিথ্যা নাটক সাজিয়ে নিরীহ গ্রামবাসী আলী হোসেন ও তার দুই ছেলে যশোর আব্দুর রাজ্জাক কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ ও ঝিকরগাছা সরকারি শহীদ মশিয়ুর রহমান কলেজের শিক্ষার্থী রবিউল ইসলাম বকুলসহ ৫ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন। শুধু তাইই নয় তিনি সাংবাদিকদেরকে একই তথ্য প্রদান করে স্থানীয় কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ করিয়েছেন। প্রকাশিত সংবাদ আমেনা বেগমের দেয়া তথ্যের ভিত্তিতে হওয়ায় এলাকাবাসী সেটি সত্য নয় দাবি করেছেন।
এদিকে ঘরবাড়ি ভাঙচুর ও মারধরের ঘটনার খবর পেয়ে ঝিকরগাছা থানার এসআই মেজবাউদ্দিন ঘটনাস্থলে গিয়ে কোনো আলামত পাননি বলে জানিয়েছেন।
মিথ্যা অভিযোগের বিষয়ে আমেনা বেগমের ছেলে হাফেজ হাফিজুর রহমানের ০১৯১৫-৮৭৫৫৯৯ মোবাইলে জানতে চাইলে তিনি বলেন, কোনোকিছু ঘটুক বা না ঘটুক বিষয়টি যেভাবে পত্রপত্রিকায় দেখেছেন বা শুনেছেন সেভাবেই হবে বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন।