ঝিকরগাছায় এক লাখ মানুষকে স্মার্ট কার্ড পেতে সহায়তা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছায় নির্বাচন কমিশনের দেওয়া স্মার্টকার্ড নিতে আসা এক লাখ নাগরিককে বিভিন্ন ধরনের সেবা দিয়েছেন আওয়ামী লীগ নেতা মোস্তফা আশীষ ইসলাম।
রোববার সকালে প্রেস ক্লাব যশোর অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মোস্তফা আশীষ ইসলাম বলেন, ঝিকরগাছার এক লাখ ভোটার যাতে সহজে তাদের স্মার্টকার্ড গ্রহণ করতে পারে, সেজন্য তিনি ও তার কর্মীরা গত দুইমাস ধরে কঠোর পরিশ্রম করেছেন। তারা ৭৬টি ক্যাম্পের মাধ্যমে ৩০৭ জন স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দিয়েছেন। নির্বাচন কমিশনের স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমকে আরও সহজতর করতে তারা ঝিকরগাছার প্রতিটি ইউনিয়নে মাইকিং, ৮০ হাজার লিফলেট বিতরণ, স্থানীয় মসজিদগুলোর ইমামদের মাধ্যমে প্রচারণা চালিয়েছেন। এর পাশাপাশি এসএমএস, হোয়াটস অ্যাপ মেসেজ ও ভয়েস কলের মাধ্যমেও ভোটারদের স্মার্টকার্ড বিতরণের তথ্য প্রদানের পাশাপাশি সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। মোস্তফা আশীষ ইসলাম বলেন, ১১টি ইউনিয়নে স্মার্টকার্ড বিতরণের নির্ধারিত দিনের আগেই বিতরণ কেন্দ্রের বক্স আইডি ও ক্যাম্প আইডি উল্লেখ করা টোকেন ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন তার কর্মীরা। এভাবে এক লাখ ভোটারের সাথে সরাসরি সাক্ষাৎ ও তাদের কাছে শেখ হাসিনা সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরছেন তিনি। সংবাদ সম্মেলনে মোস্তফা আশীষ ইসলাম ছাড়াও তার কর্মী ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।