ঝিকরগাছায় আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ যশোরের ঝিকরগাছায় আলাদা সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদিন (৪৫) ও আব্দুল কাদের (৩৫) নামের ২জন নিহত হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা পৌরসদরের পারবাজার সরকারি মৎস্য উৎপাদন খামারের পাঁচপুকুরের সামনে প্রাইভেটকার ও নছিমনের মূখোমখি সংঘর্ষে জয়নাল আবেদীন(৪৫) নামে একজন নছিমন চালক নিহত হন । এসময় তার সহযোগী দিনমজুর রবিউল ইসলাম (৪০) গুরুতর আহত হয়েছেন। নিহত জয়নাল আবেদীন উপজেলার হাড়িয়াদেয়াড়া গ্রামের আব্দুর রশিদ নুনুর ছেলে ও আহত রবিউল ইসলাম উপজেলার নাভারণ ইউনিয়নের চান্দেরপোর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত রবিউল ইসলাম জানান, বেনাপোলে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে অজ্ঞাতনামা একটি ট্রাক তাদের নছিমনকে সজোরে ধাক্কা দেয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যশোরগামী প্রাইভেটকারের (ঢাকা-মেট্রো-গ-২৫-৫৪৯৬) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। নাভারণ হাঁইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধারসহ দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও নছিমনটি আটক করলেও ট্রাকটির বিষয় কিছুই জানেন না বলে জানিয়েছেন, নাভারণ হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান।
অপরদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসদরের কীর্তিপুর মোড় নামকস্থানে অজ্ঞাতনামা প্রাইভেটকারের ধক্কায় বাইসাইকেল চালক দুবাই প্রবাসী আব্দুল কাদের (৩৫) নিহত হয়েছেন। সে কীর্তিপুর হওয়ারমোড় এলাকার ফরমান আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এসময় ফরমান আলী গাজীরদরগাহ থেকে বাড়িতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বেনাপোলগামী অজ্ঞাত প্রাইভেটকারটি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আব্দুল কাদের ঘটনাস্থলে নিহত হন।