যশোরে ২,২৫৭ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার, আটক ২

চূড়ামনকাঠি রেলক্রসিং এলাকায় এসআরবির যৌথ অভিযান; ড্রাইভার ও হেলপার গ্রেফতার

0
যশোরে ২,২৫৭ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার, আটক ২

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোরে একটি মিনি কাভার্ডভ্যানে অভিযান চালিয়ে ২ হাজার ২৫৭ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে এসআরবি (সাবেক র‌্যাব) যশোর ও ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা। এ সময় মাদক পরিবহনের অভিযোগে কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের চূড়ামনকাটি রেলক্রসিং এলাকায় যৌথ অভিযান চালিয়ে এসব সিরাপ উদ্ধার করা হয়।

আটকরা হলেন বরিশাল কোতোয়ালী থানার চন্দপাশা এলাকার আব্দুল কাসেমের ছেলে হেমায়েত উদ্দিন এবং একই জেলার তারাধুনিয়া গ্রামের দুলালের ছেলে সুজন।

এসআরবি সূত্র জানায়, মহেশপুর সীমান্ত এলাকা থেকে একটি মিনি কাভার্ডভ্যান চৌগাছা হয়ে যশোরের দিকে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে চূড়ামনকাঠি এলাকায় অবস্থান নেয় যৌথ বাহিনী। পরে সন্দেহভাজন গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে গাড়ির ভেতরে বস্তাভর্তি ২ হাজার ২৫৬ বোতল ‘স্ক্যাফ’ সিরাপ এবং ১ বোতল ‘উইনকোরিক্স’ সিরাপ উদ্ধার করা হয়। পরে জব্দকৃত মাদকদ্রব্য ও কাভার্ডভ্যানটি এসআরবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

অভিযানটিতে নেতৃত্ব দেন এসআরবি যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স এবং ঝিনাইদহ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন।

এসআরবি যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স বলেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”