জীবননগরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, চালক নিহত

0
জীবননগরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, চালক নিহত

মো. নুর আলম, জীবননগর : চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খেজুরগাছে ধাক্কা লেগে রাসেল হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার সন্তোষপুর ইকো পার্কের পাশের সড়কের খাদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাসেল হোসেন উপজেলার সেনেরহুদা গ্রামের মাদ্রাসাপাড়ার বাসিন্দা ইলিয়াস হোসেনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে ইকো পার্কের পাশে খাদের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। মরদেহের পাশে নীল রঙের একটি আরটিআর মোটরসাইকেল দুমড়েমুচড়ে পড়ে ছিল। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয়দের ধারণা, মঙ্গলবার রাতের কোনো একসময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাসেল সড়কের পাশের একটি খেজুরগাছে ধাক্কা মারেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের বাবা ইলিয়াস হোসেন বলেন, তাঁর ছেলে রাজমিস্ত্রির কাজ করতেন। মঙ্গলবার রাত ৮টার দিকে সন্তোষপুর পাম্প থেকে মোটরসাইকেলের তেল কেনার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। সারা রাত তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি। পরে বুধবার ভোরে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ দেখতে পান।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, সন্তোষপুর ইকো পার্কের কাছে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।