শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা: মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড, সন্তানের দায়িত্ব রাষ্ট্রের

0
নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা করার দায়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি শিশুটির জন্ম নেওয়া সন্তানের দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদনে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা করার চাঞ্চল্যকর মামলায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুছ সালাম এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদীর (৩০) মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় জন্ম নেওয়া শিশুর ভরণপোষণ, শিক্ষা ও লালন-পালনের সার্বিক দায়িত্ব রাষ্ট্রকে বহনের নির্দেশ দিয়েছেন আদালত।

তবে মামলার অপর আসামি ও শিক্ষকের বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়ার বিরুদ্ধে ভয়ভীতি দেখানোর অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল কবীর জানান, মাত্র ৬০ কার্যদিবসে ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণসহ এই মামলার বিচারকাজ শেষ হয়েছে। সিআইডির ডিএনএ পরীক্ষার প্রতিবেদন এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে কাজ করেছে।

নেত্রকোনায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পরে তাঁকে কারাগারে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।। ছবি: সংগৃহীত

ওই প্রতিবেদনে ভুক্তভোগী শিশুর জন্ম দেওয়া নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদীর ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়।

মামলার বিবরণে জানা যায়, মা-বাবার বিচ্ছেদের পর শিশুটি মদনে নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত এবং তার মা সিলেটে গৃহকর্মীর কাজ করতেন।

গত ১৮ এপ্রিল শিশুটি অসুস্থ হয়ে পড়লে ক্লিনিকে পরীক্ষার পর তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে। পরবর্তীতে ২৩ এপ্রিল শিশুর মা বাদী হয়ে মামলা করলে ৬ মে পুলিশ শিক্ষক আমান উল্লাহকে গ্রেপ্তার করে।

আদালতের নির্দেশে গত ২ জুলাই সিলেটের সেফ হোমে থাকা অবস্থায় শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়। পরবর্তীতে ফরেনসিক ডিএনএ পরীক্ষায় আসামির সঙ্গে নবজাতকের সম্পৃক্ততা প্রমাণিত হয় এবং তদন্ত শেষে গত ২৭ আগস্ট পুলিশ অভিযোগপত্র দাখিল করে। রায় শেষে ভুক্তভোগী শিশুর মা সন্তোষ প্রকাশ করে আদালতকে ধন্যবাদ জানান।