বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ, সকালে মিলল দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল ও যুবকের মরদেহ

0
চুয়াডাঙ্গার জীবননগরে রাতের আঁধারে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এক রাজমিস্ত্রী যুবক নিহত হয়েছেন।। ছবি: সংগৃহীত

রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় রাসেল হোসেন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার দিনগত রাতে সন্তোষপুর ইকোপার্কের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল হোসেন জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মাদ্রাসাপাড়ার ইলিয়াস হোসেনের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় পথচারীরা সন্তোষপুর ইকোপার্কের পাশে খাদের মধ্যে একটি মরদেহ ও পাশে দুমড়ে-মুচড়ে থাকা একটি নীল রঙের বাজাজ আরটিআর মডেলের মোটরসাইকেল দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন।

ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে চলন্ত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর গাছের সঙ্গে ধাক্কা খায় এবং এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।

নিহতের বাবা ইলিয়াস হোসেন জানান, গত মঙ্গলবার রাত ৯টার দিকে সন্তোষপুর তেলপাম্পে মোটরসাইকেলের তেল কেনার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই রাসেল নিখোঁজ ছিলেন এবং সারারাত তার ফোনে কল দিলেও কেউ রিসিভ করেনি। পরে ভোরে দুর্ঘটনার খবর পাওয়া যায়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাছের সাথে ধাক্কা মেরেই তার মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিয়ম অনুযায়ী জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহ পাঠিয়ে মৃত্যু সনদ সংগ্রহপূর্বক তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।