জালিমদের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষার জন্য বিএনপি আন্দোলন করছে : নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন,যারা জনগণের ভোটে নির্বাচিত না, জনগণের প্রতি তাদের কোনও দায়বদ্ধতা থাকে না। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী সরকারও জনগণের ভোটে নির্বাচিত না, তাই জনগণের প্রতি তাদের ন্যূনতম কোনও দায়বদ্ধতা নেই। তারা শাসনের নামে জুলুম ও জালিমের শাসন কায়েম করেছে। এই জালিমদের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষার জন্য বিএনপি আন্দোলন করছে। সোমবার (১৭ এপ্রিল) জাতীয়তাবাদী শ্রমিকদল পরিবহন শাখা যশোর আয়োজিত ইফতার মাহফিল ও নব নির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শহরের একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এসময় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, আজ পবিত্র মাহে রমজানেও জনগণ সীমাহীন কষ্টের মধ্য দিয়ে দিনাতিপাত করছে। একদিকে সীমাহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তার সাথে নতুন করে যুক্ত হয়েছে অসহনীয় লোডশেডিং। আজ কোথাও সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। জনগণ এই অবস্থা থেকে মুক্তির প্রতিক্ষায়। জনগণের মুক্তির জন্য বিএনপি আন্দোলন করছে। মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
পরিবহন শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবু জাফর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা,জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর প্রমুখ। জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবু জাফর নবনির্বাচিত পরিবহন শ্রমিক দলের নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন।