জামায়াতের সঙ্গে জোট বাঁধছে এনসিপি, দাবি আবদুল কাদেরের

0
জামায়াত-এনসিপি নির্বাচনী জোট! ৩০ আসনে সমঝোতার দাবি সমন্বয়ক আবদুল কাদেরের ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী আসন সমঝোতায় যাচ্ছে বলে চাঞ্চল্যকর দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে তিনি এ দাবি করেন। সবকিছু ঠিক থাকলে শুক্রবার (২৬ ডিসেম্বর) এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

আবদুল কাদেরের দাবি অনুযায়ী, এনসিপি জামায়াতের কাছে ৫০টি আসন চেয়েছিল, তবে দীর্ঘ দর-কষাকষি শেষে ৩০টি আসনে রফা হয়েছে। এই সমঝোতা অনুযায়ী, এনসিপি কেবল ৩০টি আসনেই লড়বে এবং বাকি ২৭০ আসনে জামায়াতকে সমর্থন দিয়ে নিজেদের প্রার্থী প্রত্যাহার করে নেবে।

আবদুল কাদেরের ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

কাদের এই সিদ্ধান্তকে ‘তারুণ্যের রাজনীতির কবর রচনা’ এবং ‘আত্মঘাতী’ হিসেবে অভিহিত করে বলেন, এর মাধ্যমে এনসিপি কার্যত জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে।

এই নেতার আরও দাবি, নির্বাচনে জয়ী হলে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন অথবা বিরোধীদলীয় নেতার পদ পাবেন—এমন আলোচনাও জোটের ভেতরে চলছে।

তবে এই বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ শীর্ষ পাঁচ নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউই ফোন ধরেননি। জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, এনসিপি ইতোমধ্যে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে শতাধিক আসনে প্রার্থী ঘোষণা করেছিল।