ছেলের মুক্তি দাবি করে মায়ের সংবাদ সম্মেলন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে কারাবন্দী ছেলে সোহান হোসেনের মুক্তি দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মা পারভিনা আক্তার।
মঙ্গলবার প্রেসক্লাব যশোরে শহরতলীর মোবারকাকাঠী গ্রামের বাসিন্দা মাসুদুর রহমানের স্ত্রী সংবাদ সম্মেলনে এ দাবি করেন। এ সময় তিনি ছেলেকে নির্দোষ দাবি করে বলেন,সম্প্রতি কাজীপুর বলাডাঙ্গা গ্রামে তার ছেলে সোহান হোসেন এক রেস্টুরেন্ট নির্মাণের কাজ শুরু করেন। আজ (মঙ্গলবার) তা উদ্বোধন করার কথা ছিল। রেস্টুরেন্টের কাজ শুরুর পর থেকে মোবাবরককাঠি গ্রামের শহীদ মোড়লের ছেলে মেহেদী হাসান সাকিবসহ আরও ৫ থেকে ৬ জন ওই এলাকায় গিয়ে মাদক সেবন করে। এমনকি তারা দেদারসে মাদক বিক্রি শুরু করে। এ বিষয় প্রতিবাদ করা মাত্রই তারা আমার ছেলের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা সোহানের কাছে চাঁদা দাবি করে। চাঁদার টাকা না পেয়ে তারা আমার ছেলেকে অস্ত্র দেখিয়ে হুমকি দেয়। গেল ৯ ফেব্রুয়ারি যশোর র‌্যাব-৬ এর একটি দল সাকিবের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করে। এ সময় র‌্যাব তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং ওয়ান শুটারগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করে। অভিযানের সময় মেহেদী হাসান সাকিবের অজ্ঞাত এক সহযোগী পালিয়ে যায়। এ সময় র‌্যাব সাকিবের কাছে পালিয়ে যাওয়া ব্যক্তির সম্পর্কে জানতে চাইলে পূর্বশত্রুতাবশত আমার নিরীহ ছেলে সোহানের নাম প্রকাশ করে। ওই ঘটনায় র‌্যাব আমার ছেলেকে ২ নম্বর আসামি করে কোতয়ালি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে। বিষয়টি পত্রিকার লেখনির মাধ্যমে জানাতে পারি। পরে গেল সোমবার আমার ছেলে আদালতের প্রতি সম্মান জানিয়ে আত্মসর্পণ করে। আদালত তাকে কারাগারে প্রেরণ করে। আমার ছেলে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমার স্বামী অসুস্থ । বর্তমানে ছেলে কারাবন্দী থাকার কারণে আয় উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে।
পারভীনা আক্তার বলেন, বিষয়টি অধিকতর তদন্ত করলে প্রকৃত ঘটনার উদঘাটন হবে। এসময় তিনি ছেলের মুক্তি দাবি করে কান্নায় ভেঙে পড়েন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী সোহান হোসেনের বোন সুমাইয়া ইয়াসমিন,চাচি জোসনা পারভিন, দাদি নূর জাহান,প্রতিবেশী দাদা আব্দুল ওয়াদুদ,ভাই মনিরুজ্জামান প্রমুখ।