ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অধ্যাপক নার্গিস বেগম এই দেশ রক্ষার দায়িত্ব আমাদের

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, এই দেশ ও মাটি আমাদের। এটিকে রক্ষার করার দায়িত্বও আমাদের। তাই আমাদের ঐক্যবদ্ধ শক্তি দিয়ে যে কোনো মূল্যে দেশবিরোধী সকল অপশক্তিকে রুখে দিতে হবে। বিপন্ন হওয়ার পথ থেকে স্বাধীনতা -সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে।
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের যশোর জেলা শাখা আয়োজিত দুই দিনব্যাপী কর্মসূচির শেষ দিন বৃহস্পতিবার প্রীতি ক্রিকেট ম্যাচের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে সদর উপজেলা বনাম নগর ছাত্রদলের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ সময় আন্দোলন করতে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। পলাতক জীবন, হাজতবাস কিংবা আদালতে মামলায় হাজিরা দেওয়ার মধ্যে দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের দিন পার হয়েছে। অনেকে শিক্ষাজীবন থেকে ছিটকে পড়েছে। এখন সময় এসেছে তোমাদেরকে পড়ার টেবিলে ফিরে যেতে হবে। নিজেদের শিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে।
এর আগে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচে প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে নগর ছাত্রদল ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে। জয়ের জন্যে সদর উপজেলা ছাত্রদল ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ ওভারে ৭৩ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। নগর ছাত্রদলের আরহাম রহমান ব্যাট হাতে ৯ রান এবং বল হাতে ৪ টি উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। জেলা বিএনপির সাবেক ক্রীড়া সংগঠক সম্পাদক ও জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশের সার্বিক তত্ত্বাবধানে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রকৌশলী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।